
বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলে সংসারের খরচ সামাল দিতে ভোর বেলা গ্যাস ভরতে গিয়ে শেষ হয়ে গেল সিএনজি অটো রিক্সা চালক শাহীনের জীবন প্রদীপ।
মৌলভীবাজার জেলায় প্রয়োজনের তুলনায় ১০ গুণ বেশি সিএনজির অনুমোদন দেয়া হয়েছে। অনুমোদন বিহিন চলছে আরো কয়েক হাজার সিএনজি অটো রিক্সা। তাই সিএনজি অটো রিক্সা চালকদের আগের মতো রোজগার নেই। এদিকে সন্ধ্যা ৬টা থেকে রাত ১১ টা পর্যন্ত গাড়িতে গ্যাস প্রদান বন্ধ রেখেছে সরকার। ফলে দীর্ঘ লাইন ধরে পাম্প থেকে নিতে হয় গ্যাস।
এ অবস্থায় পরিবারের খরচ সামাল দিতে অনেকেই ভোর বেলা গ্যাস ভরতে যান। ২৯ মার্চ মঙ্গলবার ভোর ৪টায় নিজের সিএনজি অটো রিক্সা নিয়ে গ্যাস ভরতে শ্রীমঙ্গল সখিনা সিএনজি ফিলিং ষ্টেশনে গিয়েছিলেন উপজেলার ভুনবীর ইউনিয়নের বাদে আলিশা গ্রামের আদর মিয়ার ছেলে শাহীন মিয়া (৩৫)। কিন্তু গ্যাস আর ভরা হয়নি। সংসারের খরচ যোগান দেয়াও আর কোনদিন হবে না শাহীনের। গ্যাস পাম্পে প্রবেশের সময় শ্রীমঙ্গল থেকে ঢাকা অভিমূখী একটি মাইক্রোবাসের চাপায় তার সিএনজি অটো রিস্কাটি দুমড়েমূছড়ে যায় এবং ঘটনা স্থলেই তিনি নিহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন শ্রীমঙ্গল সাঁতগাও হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মো: ইব্রাহিম। তিনি জানান, সিএনজি পাম্পে প্রবেশর সময় এ দূর্ঘটনা ঘটে। গাড়ি দুটি আটক করা হয়েছে।
স্থানীয় ভুনবীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ জানান, সিএনজি চালিয়েই শাহীন তার মা, বাবা, স্ত্রী ও ৩ সন্তানের সংসার পরিচালনা করতেন। একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তি হারিয়ে এখন এই পরিবারটি নিঃস্ব হয়ে পড়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.