২১ জুলাই মৌলভীবাজারে আশ্রয়ণের ঘর পাচ্ছেন ১৬০ পরিবার
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আশ্রয়ণের ঘর পাচ্ছেন আরও ১৬০ পরিবার। ২১ জুলাই সকাল ১০ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি ঘরগুলো উদ্বোধন করবেন। মৌলভীবাজারের জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে উপকারভোগীদের মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষে সদর উপজেলার ১১৮টি ঘর হস্তান্তর করা হবে। অবশিষ্ট ৪২টি ঘর হস্তান্তর করা হবে অন্যান্য উপজেলায়। এ সময় উপস্থিত থাকার কথা রয়েছে মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা চেয়ারম্যানসহ জনপ্রতিনিধিরা।
এ বিষয়ে মঙ্গলবার ২০ জুলাই জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এক প্রেস ব্রিফিংয়ে করে বিস্তারিত তথ্য তুলে ধরেন।
দেশব্যাপী প্রায় ২ লক্ষ ৬২ হাজার ২২৯ টি পরিবারকে জমি ও ঘর হস্তান্তর করা হবে। মৌলভীবাজার জেলায় তৃতীয় পর্যায়ে দ্বিতীয় ধাপে বরাদ্ধকৃত নির্মিতব্য ১৬০টি ঘরের মধ্যে নির্মাণকাজ শেষ। উপকারভোগীদের মধ্যে সেগুলো হস্তান্তর করা হবে।
জানা গেছে, তৃতীয় পর্যায়ে দ্বিতীয় ধাপে ঘর প্রতি ব্যয় হয়েছে ২ লক্ষ ৫৯ হাজার ৫ শত টাকা। এ পর্যায়ে মৌলভীবাজার জেলায় ১৬০টি পরিবারের জন্য ১৬০টি ঘরে সরকারের নির্মাণ ব্যয় হয়েছে ২০ কোটি ২১ লক্ষ ৫০ হাজার ৫ শত টাকা।
তৃতীয় পর্যায়ে ২য় ধাপে বরাদ্ধকৃত ঘরের মধ্যে বুধবার ১৬০টি ঘর হস্তান্তর করা হবে। এরমধ্যে মৌলভীবাজার সদরে ১১৮টি, রাজনগর উপজেলায় ৭টি, বড়লেখায় ১০টি, জুড়ী ২৫টি ঘর হস্তান্তর করা হবে। আরও জানা গেছে, ২০২০ সাল থেকে এখন পর্যন্ত আশ্রয়ণ প্রকল্প ২ একক গৃহ নির্মাণের জন্য উদ্ধারকৃত খাস জমির পরিমাণ ১৪৯.৫৭৭৯ একর। যার মূল্য প্রায় ১১২ কোটি ২১ লক্ষ ৪৩ হাজার ৮৬০ টাকা।



মন্তব্য করুন