
রাজনগর প্রতিনিধি॥ রাজনগর উপজেলার বালিগাঁওয়ে বিজয় দিবস উপলক্ষে শুরু হয়েছে তিন দিনের বিজয় মেলা ও লোকজ উৎসব। ১৯তম এ মেলার আয়োজন করেছে শহীদ দানু মিয়া স্মৃতি পাঠাগার।
মঙ্গলবার ২০ ডিসেম্বর সকালে গ্রামের ছোট বড় পাঁচশতাধিক লোকের অংশগ্রহণে বিজয় র্যালী অনুষ্ঠিত হয়।আয়োজকরা জানান, বালিগাঁও একটি প্রাচীন জনপদ। এই গ্রামেরই সন্তান দানু মিয়াকে মুক্তিযুদ্ধ চলাকালে রাজাকারদের সহায়তায় পাকবাহিনী তাকে নির্মমভাবে হত্যা করে। গ্রামের তরুণরা শহীদ দানু মিয়ার স্মৃতিকে শ্রদ্ধা জানাতে তার নামে একটি পাঠাগার গড়ে তোলে। ২০ ডিসেম্বর সকাল থেকে শুরু হওয়া এ উৎসব চলবে ২২ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত।
সেই দানু মিয়া ও মুক্তিযোদ্ধাদের স্মরণ করতে দেড় যুগ ধরে এ উৎসব হয়ে আসছে। প্রতি বছর মেলা উপলক্ষে আয়োজিত গ্রামীণ খোলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে বালিগাঁওসহ আশেপাশের গ্রামের মেয়েরা নাইওর (বাবার বাড়ি বেড়াতে) আসেন। মুক্তিযুদ্ধ ভিত্তিক গান নাচ গ্রামীণ খেলাধুলায় আবহমান বাংলার চিরায়ত রূপের এক জীবন্ত প্রতিচ্ছবি এ উৎসব।

এবারের আয়োজনে রয়েছে বিজয় র্যালী, গ্রামীন বিলুপ্তপ্রায় খেলাসহ ৩০টি খেলাধুলা, শিশুদের চিত্রাংকন প্রতিযোগীতা, পথ নাটক, মুক্তিযুদ্ধের ডকুমেন্টরী-সিনেমা প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ মেলা ও আলোচনা সভা।
বিজয় মেলা আয়োজক কমিটির সমন্বয়ক তুহিন জুবায়ের বলেন, ২০০৪ সাল থেকে শহীদ দানু মিয়া স্মৃতি পাঠাগারের আয়োজনে বিজয় মেলার আয়োজন হয়ে আসছে। আমরা মুক্তিযুদ্ধের চেতনা ও আমাদের দেশীয় সংস্কৃতিকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে এই আয়োজন করে থাকি।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.