
জুড়ী প্রতিনিধি : জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজু মিয়া (২৮) নামে একজন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
ঘটনাটি সোমবার ১৬ জুন সন্ধ্যায় উপজেলার জায়ফরনগর ইউনিয়নের জাঙ্গিরাই গ্রামে ঘটেছে। নিহত রাজু মিয়া ওরফে রাজু ভান্ডারী জায়ফরনগর ইউনিয়নের গৌরীপুর গ্রামের দিনমজুর বাবুল মিয়ার পুত্র।
স্থানীয় ইউপি সদস্য কামরুল হাসান ও নিহতের চাচা হেলাল মিয়া জানান- তরুন ফুটবলার রাজু মিয়া নির্মাণ শ্রমিকের কাজ করতো। উপজেলা সদর জাঙ্গিরাই গ্রামে ইমরানুল ইসলাম নামের জনৈক এক ব্যবসায়ীর মালিকানাধীন একটি ভবনে রাজুসহ ২০ থেকে ২২ জন শ্রমিক ঢালাইয়ের কাজ করছিল। কাজের শেষ পর্যায়ে সন্ধ্যার আগে রাজুর হাতে থাকা বাইব্রেটর (বৈদ্যুতিক কম্পন দন্ড) থেকে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। সাথে সাথে তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। পথিমধ্যে তার মৃত্যু ঘটে।
রাজু এলাকার মধ্যে ভালো একজন ফুটবল খেলোয়াড় হিসেবে যুব সমাজে তার পরিচিতি রয়েছে। যার জন্য এলাকার যুব সমাজের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.