
শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গল-কমলগঞ্জ থানার সহকারী পুলিশ সুপার আনিসুর রহমান বলেছেন, মাদক বাংলাদেশের প্রধান সমস্যাগুলোর মধ্যে অন্যতম একটি। এটি মানুষকে তিলে তিলে ধ্বংস করে দেয়। এর করালগ্রাসে ধ্বংস হয় পরিবার, সমাজ ও দেশ। বর্তমান প্রেক্ষাপটে দেশের সর্বত্র মাদকের আগ্রাসন এখন অভিশপ্তের ডালপালায় ভয়াবহ আকার ধারণ করছে। যুবসমাজের একটা বিরাট অংশ মাদকের করালগ্রাসে নিমজ্জিত।
দেখা যায়, যে সন্তান পরিবারের মুখ উজ্জ্বল করতে পারতো, সমাজ ও দেশের উন্নয়নে নিজেকে সম্পৃক্ত করে, মেধা ও মনন দিয়ে দেশের গর্বে পরিণত হতে পারতো, সেই সন্তান আজ মাদকের স্পর্শে, মাদকের করালগ্রাসে কেবল ধ্বংসই হচ্ছে না, ধ্বংস করে দিচ্ছে একটি পরিবারের কাঙ্ক্ষিত সুখের স্বপ্ন। আজ মাদকের এই নীল ছোবলে দংশিত দেশের তরুণ প্রজন্ম, যুবসমাজের একটা বিরাট অংশ। তাই মাদকাসক্তি প্রতিরোধে নাগরিক সচেতনতা এবং সামাজিক প্রতিরোধের কোনো বিকল্প নেই।
শনিবার ২৮ জুন বিকেলে শ্রীমঙ্গল শহরের শাপলাবাগ রেলব্রিজ সংলগ্ন ইসলামবাগ এলাকাবাসীর উদ্যোগে মাদক প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আমিনুল ইসলাম, টিম ডায়ানামিকের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ শাহিন আহমেদ।
ইসলামবাগ জামে মসজিদের খতিব মাসুদ করিম এর সভাতিত্বে ও ব্যবসায়ী মো: সোহেল আহমেদ এর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন, শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল এহসান বিন মুজাহির, বাংলাদেশ খেলাফত যুব মজলিস মৌলভীবাজার জেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক মুজাহিদুল ইসলাম, পরিবহন শ্রমিক নেতা মিছির আলী, মামুন মিয়া, শ্রীমঙ্গল পৌর জাসাজের সদস্য সচিব জায়েদ আলী, মোহাম্মদ আকতার, মো: জাহাঙ্গীর মিয়া, টিম ডায়নামিক নেতা আবির আল-আজাদ প্রমুখ।
সভায় শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আমিনুল ইসলাম বলেন, মাদক বাংলাদেশের জাতীয়জীবনের প্রধান সমস্যাগুলোর মধ্যে অন্যতম একটি। মাদকাসক্তি একটি নীরব ঘাতক। একটি জাতিকে ধ্বংস করে দেওয়ার মোক্ষম অস্ত্র। মাদকের ভয়াবহ অভিশাপ থেকে দেশ-জাতিকে রক্ষা করতে পরিবার, সমাজ, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.