জাতীয় ইমাম সমিতি মৌলভীবাজার জেলা কমিটির সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : জাতীয় ইমাম সমিতি মৌলভীবাজার জেলা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ জুলাই সোমবার মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। জাতীয় ইমাম সমিতির মৌলভীবাজার জেলা সভাপতি মুফতি মাওলানা মো: শামসুল ইসলামের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মুফতি মাওলানা হিফজুর রহমান।
আলোচনায় অংশ নেন সহ-সাধারণ সম্পাদক মুফতি মাওলানা বশির আহমদ, সহ-সভাপতি মাওলানা মো: মকবুল হুসাইন খান, মাওলানা আব্দুল মুগনি, মাওলানা মো: মইন উদ্দিন, মাওলানা সৈয়দ মুহিত উদ্দিন, মাওলানা তাজ উদ্দীন, মাওলানা মো: হাসান, মাওলানা মোস্তাফিজুর রহমান, মাওলানা মো: আব্দুল মুকিত, মাওলানা মো: মুজিবুর রহমান এবং বিভিন্ন উপজেলার প্রতিনিধি ও সভাপতি মন্ডলীর সদস্যরা। সভায় জেলার ইমামদের নানাবিধ সমস্যা, দাবি-দাওয়া এবং তাদের মর্যাদা, নিরাপত্তা ও আর্থসামাজিক উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
বক্তারা বলেন, সমাজে নৈতিকতা প্রতিষ্ঠা, ধর্মীয় মূল্যবোধ জাগ্রতকরণ এবং জাতীয় ঐক্য ও শান্তি রক্ষায় ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে তাদের যথাযথ মর্যাদা ও সম্মান নিশ্চিত করতে হবে।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী ৩০ আগস্ট ২০২৫ জাতীয় ইমাম সমিতি মৌলভীবাজার জেলা সম্মেলন জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হবে। সম্মেলন সফল করতে স্থান নির্ধারণ, অতিথি তালিকা, বাজেট ও আনুষঙ্গিক প্রস্তুতি বিষয়ে প্রাথমিক পরিকল্পনা গৃহীত হয় এবং দায়িত্ব বণ্টন করা হয়।
সভায় উপস্থিত সদস্যরা বলেন, এই সম্মেলনের মূল লক্ষ্য হবে জেলার ইমামদের সম্মান ও মর্যাদা প্রতিষ্ঠা, তাদের চাকরির নিশ্চয়তা ও নিরাপত্তা বিধান, এবং যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নের জন্য জোরালো পদক্ষেপ গ্রহণ করা।
সভা শেষে মোনাজাতে মাইলস্টোন স্কুল এন্ড কলেজের বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের মাগফিরাত কামনা, আহতদের দ্রুত আরোগ্য, দেশ-জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর মঙ্গল কামনা করা হয়।



মন্তব্য করুন