
এহসান বিন মুজাহির : শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে কঠোর অবস্থানে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: ইসলাম উদ্দিন এর নেতৃত্বে ১৯ আগস্ট মঙ্গলবার দিনব্যাপী উপজেলার সিন্দুরখান, আশিদ্রোন ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় আশিদ্রোন ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় প্রশাসনের উদ্যোগে বাঁশের ব্যারিকেড দিয়ে বালু উত্তোলনের সরবরাহ পথ বন্ধ করে লাল পতাকা টাঙিয়ে অবৈধ বালু উত্তোলনকারীদের সতর্ক করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: ইসলাম উদ্দিন জানান, এলাকার পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। বালু উত্তোলন বন্ধে প্রশাসনের পক্ষ থেকে বাঁশের ব্যারিকেড দিয়ে ট্রাক চলাচলের রাস্তা বন্ধ করা হয়েঝে। একই সঙ্গে বালু উত্তোলনের সম্ভাব্য স্থানে লাল পতাকা লাগানো হয়েছে। শ্রীমঙ্গল উপজেলার সব জনসাধারণকে নদী, পরিবেশ, প্রতিবেশ এবং জীববৈচিত্র্েযর ভারসাম্য রক্ষা ও কৃষি জমির সুরক্ষার স্বার্থে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০’ মেনে চলার জন্য অনুরোধ করেছেন তিনি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, এরপরও যদি কেউ অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা প্রশাসন জানায়, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। উক্ত আইনের ৫ (১) ধারায় বর্ণিত রয়েছে যে, পাম্প বােে ড্রজিং বা অন্য কোন মাধ্যমে ভূ-গর্ভস্থ বালু বা মাটি উত্তোলন করা যাইবে না। এছাড়াও উক্ত আইনের ৭(ক) ধারা অনুযায়ী- ক) উর্বর কৃষি জমির মাটি কাটা যাবে না; খ) বাণিজ্যিক উদ্দেশ্যে বালু বা মাটি উত্তোলন করা যাবে না; গ) কৃষি জমির উর্বর উপরিভাগের মাটি বিনষ্ট করা যাবে না; ঘ) পরিবেশ, প্রতিবেশ বা জীববৈচিত্র্েযর ক্ষতি সাধন করা যাবে না; ঙ) ড্রেজারের মাধ্যমে বা অন্য কোনো প্রক্রিয়ায় বালু বা মাটি উত্তোলন করা যাবে না, যাতে উক্ত জমিসহ পার্শ্ববর্তী অন্য জমির ক্ষতি হয় বা ধসের উদ্ভব হয়। এসব কাজে জড়িত ব্যক্তিদের অনূর্ধ্ব দুই বছর কারাদণ্ড বা সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকা হতে সর্বোচ্চ দশ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।
উল্লেখ্য, ২০১০ সালের বালুমহাল আইনে বলা আছে, বিপণনের উদ্দেশ্যে কোনো উন্মুক্ত স্থান, চা-বাগানের ছড়া বা নদীর তলদেশ থেকে বালু বা মাটি উত্তোলন করা যাবে না। এ ছাড়া সেতু, কালভার্ট, ড্যাম, ব্যারেজ, বাঁধ, সড়ক, মহাসড়ক, বন, রেললাইন ও অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনা বা আবাসিক এলাকা থেকে বালু ও মাটি উত্তোলন নিষিদ্ধ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.