
এহসান বিন মুজাহির : শ্রীমঙ্গলের বিভিন্ন সেবাখাতে শুদ্ধাচার ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় ও করণীয় বিষয়ে এক মুক্ত আলোচনা মঙ্গলবার ৯ সেপ্টেম্বর শ্রীমঙ্গল শহরের গ্র্যান্ড তাজ পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত দুর্নীতিবিরোধী সামাজিক সংগঠন সচেতন নাগরিক কমিটি (সনাক) শ্রীমঙ্গল এ কর্মসূচির আয়োজন করে।
এতে সনাক ও সনাক’র তত্ত্বাবধানে পরিচালিত তরুণদের দুর্নীতিবিরোধী সংগঠন ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) এবং তৃণমূল পর্যায়ে গঠিত কমিউিনিটিভিত্তিক দুর্নীতিবিরোধী সংগঠন অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি)’র শতাধিক সদস্য অংশ নেন।
সনাক সভাপতি অ্যাডভোকেট আলাউদ্দিন এর সভাপতিত্বে দুর্নীতিবিরোধী আন্দোলন ও সেবাখাতে শুদ্ধাচার চর্চার প্রয়োজনীয়তা ও করণীয় বিষয়ে বক্তব্য রাখেন টিআইবি’র কোঅর্ডিনেটর মো: আতিকুর রহমান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সনাক সদস্য জিডিসন প্রধান সুছিয়াং, নিতেশ সূত্রধর, গীতা গোস্বামী, সৈয়দ নেসার আহমদ, সনাক সহ-সভাপতি এস. এ . হামিদ, কাজী আছমা আক্তার প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) সচেতন নাগরিক কমিটি (সনাক) শ্রীমঙ্গলের এরিয়া কো-অর্ডিনেটর-সিই মো: আবু বকর।
অনুষ্ঠানে বক্তাগণ শ্রীমঙ্গলের সেবাখাতের প্রতিষ্ঠানগুলোর সেবার মানোন্নয়নে প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নাগরিকদের সম্পৃক্ত করাসহ দুর্নীতিবিরোধী কার্যক্রমকে আরো ফলপ্রসূ ও বেগবান করার ওপর গুরুত্বারুপ করেন। মুক্ত আলোচনায় সনাক সদস্যগণের পাশাপাশি এসিজি সদস্য সদস্যরা তাদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।
আলোচনা শেষে উপস্থিত সকল সদস্য দুর্নীতি প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণের অঙ্গিকার করেন। কর্মসূচির শেষ পর্যায়ে সনাকের সাবেক সভাপতি দ্বীপেন্দ্র চন্দ্র ভট্টাচার্য্য সকলকে দুর্নীতিবিরোধী শপথ পাঠ করান এবং সনাক সভাপতি অ্যাডভোকেট আলাউদ্দিন আহমেদ এর সমাপনী বক্তব্যের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.