
শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে যত্রতত্র বালু উত্তোলনের প্রতিবাদ করায় বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ তোলা হয়েছে। অভিযোগকারী ব্যক্তি আওয়ামী ঘরানার সুবিধাভোগী জুবায়ের আহমেদ। তিনি উত্তর ভাড়াউড়া এলাকার সিদ্দিক মিয়ার ছেলে এবং মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য পরিচয় দিয়ে থাকেন।
উত্তর ভাড়াউড়া এলাকার বাসিন্দা, সাবেক পৌর কাউন্সিলর ও উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হাজী মো: ছাইদ মিয়া ২৪ সেপ্টেম্বর বুধবার দুপুরে শ্রীমঙ্গল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ উত্থাপন করেন।
তিনি জানান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আকরাম খানের ভাতিজি জামাই পরিচয়ে জুবায়ের দীর্ঘ ১৬ বছর ধরে বালু উত্তোলন করে সরকারী রাস্তা, ব্রিজ, গাইডওয়াল, মসজিদ-মন্দিরসহ বিভিন্ন অবকাঠামোর ক্ষতি করেছে। এ বিষয়ে বারবার প্রশাসনের কাছে অভিযোগ করা হলেও কোনো প্রতিকার মেলেনি।
ছাইদ মিয়ার দাবি, সম্প্রতি উক্ত ছড়া ইজারা হওয়ার পর জুবায়ের নিজেকে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য পরিচয় দিচ্ছেন। অথচ তাকে বিএনপির রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি। তিনি অভিযোগ করেন, ইজারাদার আলকাছ কমিশনারের কাছ থেকে সাব-ইজারা নিয়ে জুবায়ের পরিবেশের কোনো নিয়ম-কানুন মানছেন না, উল্টো জোর করে বালু উত্তোলন করে স্থানীয় জনগণ ও রাষ্ট্রীয় সম্পত্তির ক্ষতি করছেন।
১৯ সেপ্টেম্বর এলাকাবাসী উক্ত ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে। এর পর জুবায়ের স্থানীয় একটি পত্রিকায় বক্তব্য দিয়ে ছাইদ মিয়া ও তার ভাইদের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ তোলেন।
সংবাদ সম্মেলনে ছাইদ মিয়া দাবি করেন, বালু উত্তোলনের মাধ্যমে পরিবেশ ও রাষ্ট্রীয় অবকাঠামো ধ্বংসকারী এ ধরনের সুযোগসন্ধানী ব্যক্তিকে দল থেকে বহিষ্কার করা উচিত। সংবাদ সম্মেলনে কামাল মিয়া, আছাদ মিয়াসহ স্থানীয় গ্রামবাসীরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো: ইসলাম উদ্দিন জানান, বালু উত্তোলনের ফলে কী ধরনের ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখার জন্য এসিল্যান্ডকে দায়িত্ব দেওয়া হয়েছে। রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.