
বশির আহমদ : আজকের যুগে বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি আমাদের জীবনকে অনেক সহজ ও দ্রুত করে তুলেছে। কিন্তু দুঃখজনকভাবে, এই অগ্রগতির সঙ্গে সঙ্গে মানুষের নৈতিকতা ও সামাজিক মূল্যবোধ ক্রমেই হারিয়ে যাচ্ছে। একসময় মানুষ একে অপরের প্রতি শ্রদ্ধাশীল, সহানুভূতিশীল ও দায়িত্ববান ছিল। এখন তার জায়গায় এসেছে স্বার্থপরতা, ভোগবিলাস আর অমানবিক প্রতিযোগিতা।
বর্তমান সমাজে দেখা যায়, অনেকে নিজের লাভের জন্য অন্যের ক্ষতি করতেও দ্বিধা করে না। পারিবারিক সম্পর্কের বন্ধন শিথিল হয়ে যাচ্ছে,সন্তান পিতামাতার প্রতি দায়িত্ব ভুলে যাচ্ছে, প্রতিবেশীর প্রতি সহমর্মিতা হারিয়ে ফেলছে মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা প্রতিনিয়ত সংযুক্ত থাকলেও একে অপরের মন থেকে অনেক দূরে সরে গেছি।
নৈতিকতার এই অবক্ষয় শুধু ব্যক্তির নয়, পুরো সমাজ ও জাতির ভিত্তিকে দুর্বল করে দিচ্ছে। কারণ, নৈতিক মানুষই পারে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে এবং একটি শান্তিপূর্ণ সমাজ গড়তে। তাই এখন সবচেয়ে জরুরি হলো পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানে মূল্যবোধভিত্তিক শিক্ষা ও চর্চার প্রসার ঘটানো। প্রতিটি পরিবারে শিশুদের ছোটবেলা থেকেই সত্যবাদিতা, পরোপকার, ভদ্রতা ও শ্রদ্ধাবোধ শেখানো উচিত। শিক্ষকরা শুধু পাঠ্যপুস্তক নয়, আদর্শ জীবন গড়ার শিক্ষাও দেবেন। সমাজের নেতৃবৃন্দ ও প্রভাবশালী ব্যক্তিরা নিজের আচরণের মাধ্যমে নৈতিকতার উদাহরণ স্থাপন করলে সমাজ ধীরে ধীরে সঠিক পথে ফিরে আসবে।
নৈতিকতার শিক্ষা শুধু মুখে বলার বিষয় নয়-এটি জীবনের প্রতিটি কাজে বাস্তবায়ন করতে হবে। মনে রাখতে হবে, নৈতিক মানুষই প্রকৃত শিক্ষিত, আর নৈতিক সমাজই সত্যিকারের উন্নত সমাজ।
লেখক : বশির আহমদ, অধ্যক্ষ, উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.