কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-কেন্দ্র পরিদর্শন করেন ইউএনও

November 15, 2025,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর উদ্যোগে কেন্দ্রীয় বৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১৫ নভেম্বর সকাল ১০টায় জুড়ী সরকারি উচ্চ বিদ্যালয়, রাজনগর আইডিয়েল হাইস্কুল এবং শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কেন্দ্রে পরীক্ষা শুরু হয়ে বেলা ১টায় শেষ হয়।

এতে জেলার দুই শতাধিক কিন্ডারগার্টেন স্কুলের নার্সারি-পঞ্চম শ্রেণির প্রায় দেড় হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে।

পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন জুড়ী উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর, জুড়ী প্রেসক্লাবের সভাপতি তানজির আহমেদ রাসেল, কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মৌলভীবাজার জেলার সভাপতি প্রিন্সিপাল এহসান বিন মুজাহির, জেলা সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল হান্নান, রাজনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসার আলী হোসেন, জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফছা হাবিবা, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন প্রমুখ ।

পরীক্ষা কেন্দ্রগুলোতে সরজমিনে দেখা যায়, ব্যাপক উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে পরীক্ষা দিচ্ছে। কেন্দ্রের বাইরে হাজারো অভিভাবকদের উপচেপড়া ভিড় ছিল।

বাংলাদেশের কিন্ডারগার্টেন এসোসিয়েশনের জুড়ী উপজেলা সভাপতি আব্দুল কাইয়ুম জানান, জুড়ী উপজেলা থেকে এবার মোট ৭২১জন শিক্ষার্থী ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সঙ্গে বৃত্তি পরীক্ষায় অংশ নেয়।

সংগঠনের রাজনগর উপজেলা সভাপতি মোস্তফা বকস জানান, এবারের বৃত্তি পরীক্ষার রাজনগর উপজেলা থেকে অর্ধ সহস্রাধিক শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে পরীক্ষায় অংশ নিয়েছে।

সংগঠনের মৌলভীবাজার জেলা সভাপতি ও শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল মো: এহসানুল হক জানান, মৌলভীবাজার জেলা থেকে প্রায় দেড় হাজার শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। জেলায় তিনটি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ও নিরিবিলি পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে বৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পড়ালেখার প্রতি শিক্ষার্থীদের আরো আগ্রহী করে তোলার লক্ষ্যে বাংলাদেশের কিন্ডারগার্টেন এসোসিয়েশন প্রতি বছরই প্রতিযোগিতামূলক পরীক্ষার আয়োজন করছে।

তিন ঘন্টা ব্যাপী এ বৃত্তি পরীক্ষায় নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় পুলিশ, আনসারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের শিক্ষকরা দায়িত্ব পালনে তৎপর ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com