ধানের শীষ বিজয়ী হলে মৌলভীবাজার-৩ আসনে উন্নয়ন নিশ্চিত করা হবে-এম নাসের রহমান
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়নের ভাদগাঁওয়ে ২নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া ও আলোচনা সভায় ধানের শীষের উন্নয়ন প্রতিশ্রুতি নিয়ে মৌলভীবাজার-৩ (সদর-রাজানগর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী সাবেক এমপি এম নাসের রহমান বলেন, মৌলভীবাজার ও রাজনগর দীর্ঘদিন উন্নয়নবঞ্চিত ছিল। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে ধানের শীষ বিপুল ভোটে নির্বাচিত হয়, তাহলে আমরা এই অঞ্চলের সার্বিক উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেব। মানুষের বহু দিনের প্রত্যাশা পূরণ করা হবে পরিকল্পিতভাবে ও সময়মতো। উন্নয়ন আর অপেক্ষায় থাকবে না। তিনি বলেন, এই এলাকায় সড়ক, সেতু, বাজার উন্নয়ন, স্কুল-কলেজ সংস্কার, স্বাস্থ্যসেবার আধুনিকীকরণ, সব কিছু সময়মতো হবে। মানুষের সমস্যা বুঝে আমরা কাজ করব, কারণ উন্নয়ন কোনো সৌভাগ্যের বিষয় নয়, এটি মানুষের অধিকার।
তিনি আরও বলেন, ধানের শীষ বিজয়ী হলে মৌলভীবাজার-রাজনগরের প্রতিটি পরিবার সেই উন্নয়নের সুফল পাবে। কৃষকের সার-বীজ, ব্যবসায়ীর বাজার, শিক্ষার্থীদের শিক্ষা, সব ক্ষেত্রেই পরিবর্তন আসবে। আমরা এমন উন্নয়ন চাই যা দেখলে মানুষ বলবে—হ্যাঁ, সত্যি পরিবর্তন হয়েছে।
আগামী জাতীয় নির্বাচনের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, এই নির্বাচন শুধু প্রতীকের নির্বাচন নয়, এটি উন্নয়নের পথে দাঁড়িয়ে থাকা মৌলভীবাজার-রাজনগরের ভাগ্য নির্ধারণের নির্বাচন। তাই ব্যক্তিগত ভেদাভেদ ভুলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ঐক্যই আমাদের শক্তি।
নাসের রহমান বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের জীবন্ত প্রতীক। তাঁর সুস্থতা দেশের মানুষের প্রত্যাশা, কারণ গণতন্ত্রের লড়াই ও ভোটাধিকার পুনরুদ্ধারে আন্দোলনের সাহস মনোবল তিনিই দিয়েছেন।
তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ব্যক্তিগত ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। গণতন্ত্র রক্ষার সংগ্রামে ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি।
এম নাসের রহমান মন্তব্য করেন, মৌলভীবাজার সবসময় গণতন্ত্র ও মানুষের অধিকারের পাশে ছিল। মানুষের এই ভালোবাসা প্রমাণ করে, দেশনেত্রীর প্রতি জনগণের আস্থা এখনও অটুট।
স্থানীয় জনতার উদ্দেশে তিনি বলেন, খালেদা জিয়াকে ঘিরে মানুষের আবেগ ও ভালোবাসা রাজনীতির সীমানা ছাড়িয়ে গেছে। আল্লাহ তাঁর দ্রুত আরোগ্য দান করুন, এই প্রার্থনাই আজ সবার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক আহ্বায়ক মো: বদরুল আলম, মৌলভীবাজার সদর উপজেলা বিএনপি সভাপতি মুজিবুর রহমান মজনু, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফখরুল ইসলাম, মৌলভীবাজার সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মারুফ আহমদ, ৮নং কনকপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক শিব্বির আহমদ।
২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: ফখরুল ইসলাম সভাপতিত্বে মঙ্গলবার ৯ ডিসেম্বর রাতে ভাদগাঁও গ্রামের শাহ রকিব মিয়ার বাড়ীতে উঠোন বৈঠকে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের নেতাকর্মী, স্থানীয় হিন্দু-মুসলিম সাধারণ মানুষ এবং তরুণদের উল্লেখযোগ্য উপস্থিতিতে দোয়া মাহফিল প্রাণবন্ত হয়ে ওঠে। সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন।



মন্তব্য করুন