জাতীয় নির্বাচনের আগেই ভোটের ধাক্কা : চেম্বার নির্বাচনে পরাজিত হলেন মৌলভীবাজার-১ আসনের জামায়াত প্রার্থী আমিনুল ইসলাম
স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার-১ (বড়লেখা–জুড়ী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম বড় ধরনের ধাক্কা খেলেন ভোটের আগেই। দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচনে তিনি অর্ডিনারী পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করে ১৮৬ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
১১ ডিসেম্বর বৃহস্পতিবার চেম্বারের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়। ভোট গণনা শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়। অর্ডিনারী ক্যাটাগরিতে মোট ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত ১২ জন পরিচালক নির্বাচিত হন।
আমিনুল ইসলাম ১৫তম স্থানে অবস্থান করায় নির্বাচিতদের তালিকায় জায়গা পাননি।
চেম্বারে পরাজয়কে অনেকেই জাতীয় নির্বাচনের আগে রাজনৈতিক অঙ্গনে একটি নেতিবাচক সংকেত হিসেবে দেখছেন। ব্যবসায়ী মহল থেকে শুরু করে সাধারণ ভোটারদের মাঝে বিষয়টি নিয়ে নানা বিশ্লেষণ চলছে। এ বিষয়ে তাঁর বক্তব্য জানতে চাইলে ফোনে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।
এদিকে চেম্বারে প্রার্থিতা হারানোর খবরটি ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। অনেকে সমালোচনা করে লিখছেন, “জাতীয় ভোটের আগেই জনপ্রিয়তার প্রথম পরীক্ষায় ব্যর্থ হলেন!”
আবার কেউ এটিকে আসন্ন নির্বাচনে জামায়াত প্রার্থীর অবস্থান দুর্বল হওয়ার ইঙ্গিত হিসেবে দেখছেন। বিভিন্ন গ্রুপ ও পেজে এই নিয়ে নেতিবাচক মন্তব্যের বন্যা দেখা যাচ্ছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জাতীয় নির্বাচনের ঠিক আগে চেম্বার নির্বাচনে এমন ফলাফল আমিনুল ইসলামের প্রচারণায় চাপ তৈরি করতে পারে এবং ভোটারদের মনোভাবেও প্রভাব ফেলতে পারে।



মন্তব্য করুন