হাদির ওপর হা/ম/লাকারীদের দেশত্যাগ ঠেকাতে মৌলভীবাজার সীমান্তে বিজিবির কড়া নজরদারি

December 13, 2025,

স্টাফ রিপোর্টার : রাজধানীর বিজয়নগর এলাকায় ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদীকে গুলি করার ঘটনার পর হত্যাকারীরা ভারতে পালিয়ে যেতে না পারে, সে লক্ষ্যে মৌলভীবাজার জেলার সীমান্ত এলাকায় কড়া নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এছাড়াও বিভিন্ন যানবাহনে তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে।

শনিবার ১৩ ডিসেম্বর সকাল থেকেই মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ি উপজেলায় ৫২ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা এসব এলাকায় যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি অব্যাহত রয়েছে।

বিশেষ করে বড়লেখা উপজেলার বোবারতল, উত্তর শাহাবাজপুর, পাল্লারতল, লাতু  ও জুড়ী উপজেলার ফুলতলা, বটুলি, রাজকি, লাঠিটিলাসহ সীমান্তসংলগ্ন বিভিন্ন স্থানে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

এদিকে মৌলভীবাজার ৪৬ বিজিবি ব্যটালিয়নের অধীনস্থ বিওপিগুলোতে অবৈধ পারাপারের স্থানগুলো বিজিবির তৎপরতা জোরদার করেছে।

জানতে চাইলে শ্রীমঙ্গল ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া বলেন, মৌলভীবাজার জেলার প্রায় ১১৫ কিলোমিটার সীমান্ত সুরক্ষার দায়িত্ব পালন করছে। বিশেষ করে শ্রীমঙ্গল, কুলাউড়া ও কমলগঞ্জ তিনটি উপজেলার সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সন্ত্রাসীদের পাশ্ববর্তী দেশে পলায়ন ও সব ধরনের অবৈধ অনুপ্রবেশ রোধে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি সদস্যরা।

এদিকে ৫২ বিজিবি জানিয়েছে, ওসমান হাদীর ওপর হামলার ঘটনায় জড়িত আসামিরা যাতে কোনোভাবেই সীমান্ত অতিক্রম করে ভারতে পালাতে না পারে, সেজন্য আমাদের অধীনস্থ বিওপিগুলো বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে। সীমান্তের প্রতিটি পয়েন্টে সার্বক্ষণিক তল্লাশি কার্যক্রম রয়েছে।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com