
আব্দুর রব : বড়লেখা উপজেলা উত্তর শাহবাজপুর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন স্লোগান ও বিক্ষোভ মিছিল করার অপরাধে পুলিশ ৫ কিশোরকে গ্রেফতার করেছে। শনিবার বিকেলে আদালতের মাধ্যমে পুলিশ তাদেরকে কারাগারে পাঠিয়েছে।
এরা হচ্ছে- পূর্ব দৌলতপুর গ্রামের সেলিম উদ্দিনের ছেল সজিব আহমদ, সুনাম উদ্দিনের ছেলে জুবায়ের আহমদ, বড়ময়দান গ্রামের সেলিম উদ্দিনের ছেলে জাহিদ আহমদ, বাদেপুকুরিয়া গ্রামের মৃত জলিল উদ্দিনের ছেলে সাইদুল আহমদ @ শাম উল্লাহ @ সায়মন ও আব্দুর রহিমের ছেলে জাহিদ হাসান।
এলাকাবাসি ও আসামিদের অভিভাবকদের দাবি শুক্রবার রাতে বেশ কয়েকজন কিশোর ছেলে ব্যাটমিন্টন খেলায় জিতে মশকরা (মজা করার ছলে) বশতঃ আওয়ামী লীগের স্লোগান ও মিছিল দিয়েছিল। খবর পেয়ে পুলিশ এদের ৫ জনকে গ্রেফতার করে শনিবার বিকেলে সন্ত্রাস বিরোধী আইনে বিভিন্ন ধারায় মামলা দিয়ে আদালতে সোপর্দ করেছে। গ্রেফতারকৃতরা বয়সে কিশোর হলেও পুলিশ মামলায় তাদেরকে প্রাপ্ত বয়স্ক দেখিয়েছে।
বড়লেখা থানার ওসি মো: মনিরুজ্জামান খান জানান, শুক্রবার রাতে কিছু সংখ্যক ব্যক্তি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নামে মিছিল করলে পুলিশ এদের পাঁচজনকে গ্রেফতার করে। এদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। শনিবার আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। মামলায় অপ্রাপ্তদের প্রাপ্ত বয়স্ক উল্লেখ করার ব্যাপারে জানান, আদালতে যখন চার্জশীট দেওয়া হবে তখন তাদের জন্মনিবন্ধনসহ কাগজপত্র যাচাই করে দেওয়া হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.