বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা

December 21, 2025,

স্টাফ রিপোর্টার : খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন এবং থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মৌলভীবাজার জেলার খ্রিষ্টান নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

২০ ডিসেম্বর সকাল ১১ ঘটিকায় মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন। মৌলভীবাজার জেলার সকল উপজেলার বিভিন্ন চার্চ এবং পুঞ্জির প্রতিনিধিগণ এই মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

আসন্ন বড়দিন উদযাপনে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, গীর্জাসমূহের নিরাপত্তা এবং বড়দিনকে সামনে রেখে পুলিশ হেডকোয়ার্টার্সের বিভিন্ন নির্দেশনা সমূহ এই মতবিনিময় সভায় আলোচনা করা হয়।

এসময় গির্জাগুলোতে সিসি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত আলোর ব্যবস্থা, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধ, স্বেচ্ছাসেবক নিয়োগসহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার বলেন, ‘ধর্মের চেয়ে বড় কিছু নেই। সকলের নিজ নিজ ধর্ম পালনের অধিকার রয়েছে। যদি কোন গোষ্ঠী কোন ধর্মীয় উৎসব পালনে বাধা সৃষ্টি করার চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

উক্ত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড) নোবেল চাকমা, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়েরসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com