তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আজ গণমানুষের আস্থার প্রতীক : নাসের রহমান

December 27, 2025,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এম নাসের রহমান বলেছেন, ক্ষমতার একেবারে দোরগোড়ায় পৌঁছে গেছেন-এমন অলীক দিবাস্বপ্নে বিভোর থাকা জামায়েত ইসলামীরা আজ চরম বাস্তবতার মুখোমুখি। দেশের সব টেলিভিশন চ্যানেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যাতায়াত ও গণমানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লাইভ সম্প্রচারে দেখে তাদের অবাস্তব ও হাস্যকর ক্ষমতালাভের আশা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে।

তিনি বলেন, রাজনীতিতে ক্ষমতার স্বপ্ন পূরণ হয় জনসমর্থন, নেতৃত্ব ও সাংগঠনিক শক্তির ওপর ভিত্তি করে। সেই বাস্তব শক্তি যাদের নেই, তারা কেবল কল্পনার রাজ্যে বসবাস করে। আজ দেশের মানুষ স্পষ্টভাবে বুঝে গেছে—কে জনগণের নেতা, আর কে ক্ষমতার অলীক স্বপ্নে বিভোর।

এম নাসের রহমান আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আজ গণমানুষের আস্থার প্রতীক। লাখো মানুষের ভালোবাসা ও প্রত্যাশা টেলিভিশনের পর্দায় সরাসরি সম্প্রচারিত হচ্ছে, যা প্রমাণ করে দেশের রাজনীতির কেন্দ্রবিন্দু কোথায় অবস্থান করছে।

তিনি দাবি করেন, জনগণের সঙ্গে সম্পর্কহীন কিছু গোষ্ঠীর ক্ষমতার স্বপ্ন গুঁড়েবালিতে পরিণত হওয়াই ছিল স্বাভাবিক ও অনিবার্য। বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি নির্ধারিত হবে জনগণের ভোটে ও গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়েই।

উল্লেখ্য, বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এম নাসের রহমান তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক মন্তব্যে এসব কথা বলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com