জুড়ীতে আওয়ামীলীগ নেতা বিএনপিতে যোগদানকে কেন্দ্র করে মানববন্ধন ও প্রতিবাদ সভা

জুড়ী প্রতিনিধি : জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের ৮নং জাঙ্গিরাই ওয়ার্ডের ইউপি সদস্য ও সাবেক আওয়ামীলীগ নেতা আব্দুল জব্বারের বিএনপিতে যোগদানকে কেন্দ্র করে এলাকায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র আলোচনা ও সমালোচনা চলছে।
জানা গেছে সোমবার ৫ জানুয়ারী রাতে ৮নং ওয়ার্ড ইউপি সদস্য আওয়ামীলীগ নেতা আব্দুল জব্বার স্থানীয় কয়েকজন বিএনপি নেতার হাতে ফুল দিয়ে আওয়ামীলীগ ছেড়ে বিএনপিতে যোগ দেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগদানের বিষয়টি ছড়িয়ে পড়লে নেতাকর্মীরা ক্ষোভে ফেটে পড়েন। মঙ্গলবার ৬ জানুয়ারী সন্ধার পর ৮নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের যৌথ উদ্দ্যোগে এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন, ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অহিদ খাঁ, ওয়ার্ড বিএনপি’র কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল জলিল, প্রচার সম্পাদক ফিরোজ আহমদ, জাতীয়তাবাদী দল শহীদ জিয়ার সৈনিক মৌলভীবাজার জেলার যুগ্ম আহ্বায়ক বুরহান উদ্দিন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জুড়ী উপজেলা যুগ্ম আহ্বায়ক মকদ্দছ আলী, যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমদ, ৮নং ওয়ার্ড যুবদল সাধারণ সম্পাদক আব্দুল বশির। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা যুবদল সদস্য মো: হাবিবুর রহমান, উপজেলা শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির, জাতীয়তাবাদী জিয়ার সৈনিক দল জুড়ী উপজেলা যুগ্ম আহ্বায়ক মো: জনি, ছাত্রদল নেতা জাবেদ আহমদ, সাইফুল ইসলাম প্রমূখ।
বক্তারা বলেন, আব্দুল জব্বার আওয়ামীলীগের একজন ফ্যাসিস্ট নেতা। আওয়ামীলীগ ক্ষমতায় থাকাকালীন সময় অনেক নেতাকর্মীকে মামলা দিয়ে হয়রানী করেছেন। এই ফ্যাসিস্টকে গুটি কয়েক বিএনপির কর্মী তাকে দলের কর্মী হিসেবে গ্রহণ করেছেন। পুলিশ তাকে তাকে গ্রেফতারের জন্য খুঁজছে। গ্রেফতার থেকে বাঁচতে কয়েকজনকর্মীকে ম্যানেজ করে বিএনপিতে নাম লেখাতে চাচ্ছে। বিএনপি কখনোই তাকে মেনে নেবে না।
ইউপি সদস্য আওয়ামীলীগ নেতা আব্দুল জব্বারের বিএনপিতে যোগদানের বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে, জুড়ী উপজেলা বিএনপির সভাপতি হাজী মাছুম রেজা, সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, সাংগঠনিক সম্পাদক রুমেল উদ্দিন, জায়ফরনগর ইউনিয়নের বিএনপি’র সভাপতি ইসহাক আলী মাস্টার, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম জুবেল, যোগদানের বিষয়টি আমরা জানি না। আমাদেরকে কেউ অবগত করেনি। দলীয় গঠনতন্ত্র বিরোধী কাজ হয়ে থাকলে গঠনতন্ত্র অনুসরন করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



মন্তব্য করুন