১৫ তম বর্ষে পদার্পণ করলো রেডিও পল্লীকণ্ঠ

January 12, 2026,

পলি রানী দেবনাথ : ১৪ তম বর্ষপূর্তি ও ১৫ তম বর্ষে পদার্পণ করল সিলেট বিভাগের  একমাত্র কমিউনিটি রেডিও ‘রেডিও পল্লীকণ্ঠ ৯৯.২ এফএম মৌলভীবাজার’।

ব্র্যাক, মাইক্রোফাইনান্স কর্মসূচি পরিচালিত কমিউনিটি রেডিও স্টেশন হিসেবে মৌলভীবাজার জেলায়  ‘রেডিও পল্লীকণ্ঠ’ যাত্রা শুরু করে ২০১২ সালে। বর্তমানে সিলেট বিভাগের ৩টি জেলার ১১টি উপজেলার মানুষ শুনতে পান রেডিও পল্লীকণ্ঠের অনুষ্ঠানমালা।

আঞ্চলিক ভাষায় নানা গুরুত্বপূর্ণ ঘোষণা, বিভিন্ন ধরনের তথ্যমূলক অনুষ্ঠান প্রচার, সচেতনতামূলক বার্তা, সরকারি নির্দেশনা প্রচারসহ নানা কর্মসূচির মাধ্যমে রেডিও পল্লীকণ্ঠ ভরসা ও বিনোদনের মাধ্যম হিসেবে আপন হয়ে উঠেছে মৌলভীবাজারের মানুষের কাছে।

রেডিওর লাইভ গানের অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, কিংবা সরাসরি টকশোতে অর্থাৎ স্থানীয় সকল বিষয়ে প্রচার প্রক্রিয়ায় এসএমএস ও ফোনকলের মাধ্যমে স্থানীয় জনগণ সরাসরি অংশগ্রহণ করেন। স্থানীয় যে কোনো গুরুত্বপূর্ণ সংবাদ রেডিওর মাধ্যমে স্থানীয় জনগণ পেয়ে থাকেন।কমিউনিটি রেডিও এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো স্থানীয় মানুষের সরাসরি অংশগ্রহণ। রেডিও পল্লীকণ্ঠে স্থানীয় কৃষক তার কৃষির কথা বলতে পারছে, একজন নারী তার সফলতার গল্প বলতে পারছেন, কবি তার লেখা কবিতা পাঠ করতে পারছেন। স্থানীয় ভাষায় সম্প্রচার করেছে পিএসএ (পাবলিক সার্ভিস এনাউন্সমেন্ট), রেডিও নাটক, গান ইত্যাদি। বর্তমানে সারাদেশে ১৬টি কমিউনিটি রেডিও তাদের কার্যক্রম পরিচালনা করছে।

রেডিও পল্লীকণ্ঠের জন্মদিন উপলক্ষে কেক নিয়ে আসেন সাবেক সহকর্মী আয়শা আক্তার রুমানা, আনোয়ার হোসেন রিমন, শিপন দেব। রেডিও পল্লীকণ্ঠের সভাকক্ষে কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেডিও পল্লীকণ্ঠের সিনিয়র স্টেশন ম্যানাজার মো: মেহেদী হাসান, একাউন্টস ও মার্কেটিং অফিসার দুলাল রায়সহ রেডিও পল্লীকণ্ঠের সকল প্রযোজকবৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com