ধানের শীষ পোশাক পরিধানকারী শিমুল : তারেক রহমানকে কাছে থেকে দেখলেন, কথা না হওয়ার আক্ষেপ

January 22, 2026,

স্টাফ রিপোর্টার : ‘দুইদিন থেকে নফল রোজা রেখেছি, নফল নামাজও পড়েছি। যাতে প্রাণপ্রিয় নেতার সঙ্গে দেখা হয়, কথাও হয়। কিন্তু দেখা হলেও দুর্ভাগ্য কথা হয়নি আমার।’ কান্নাজড়িত কণ্ঠে এমনটি জানান শিমুল। ধানের শীষ দিয়ে তৈরি পোশাক পরিধান করে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে এখন ভাইরাল তিনি। ধানের শীষ দিয়ে তৈরি মাথাল (ছাতা) ও পোশাক। আর দলের চেয়ারম্যান তারেক রহমান, বেগম খালেদা জিয়া ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, প্রয়াত অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান ও এম নাসের রহমানের ছবি সম্বলিত প্লেকার্ড নিয়ে জনসভাস্থলে নেতাকর্মীদের দৃষ্টি আর্কষণ করেন বিএনপি’র নিবেদিত প্রাণ কর্মী মো: শিমুল হোসেন। এর আগেও তিনি দলের চেয়ারম্যান তারেক রহমান দেশে আসার সময় ঢাকার ৩শ’ ফিট এলাকায় জনসভায়ও শিমুল অনুরূপ ধানের শীষ দিয়ে তৈরি মাথাল (ছাতা) ও কোট পরিধান করে গণমাধ্যম ও স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে বেশ প্রশংসা পেয়েছিলেন।

ঢাকার ওই জনসভায় ২দিন আগে থেকে অবস্থান করে রাতদিন খেয়ে না খেয়ে কষ্ট করলেও দলের প্রধান প্রিয় নেতাকে কাছ থেকে একনজর দেখলেও কথা না হওয়াতে মন ভরেনি তার। তাই নিজ জেলায় আসার খবরে শিমুল মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপি’র জাতীয় নির্বাহী পরিষদের সদস্য এম নাসের রহমানের কাছে ধরনা দিয়ে তার প্রবল ইচ্ছার কথা জানান। এরপর নাসের রহমান তাকে দলের চেয়ারম্যানের কাছে আসার ও কথা বলার সুযোগ করে দেয়ার প্রতিশ্রুতি দিলেও সময় সংক্ষিপ্ত থাকায় তা আর সম্ভব হয়নি। আইনপুরের জনসভায় সারা শরীরে ধানের শীষ দিয়ে তৈরি পোশাক পরে তিনি সবার দৃষ্টি কাড়েন। শিমুল গিয়াসনগর ইউপি বিএনপি’র যুগ্ম সম্পাদক। তার বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার গিয়াস নগর ইউনিয়নের নিতেশ্বর মোকামবাজার এলাকায়। ১ ছেলে ও ১ মেয়ের জনক শিমুল কৃষি কাজ করেই জীবন জীবিকা নির্বাহ করেন। বৃদ্ধ বাবা আর স্ত্রী-সন্তান নিয়ে তার অভাব-অনটনের সংসার। কিন্তু আর্থিক টানপড়েনের মধ্যেও দলের জন্য তিনি নিবেদিত। ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমলে স্থানীয় পর্যায় থেকে ঢাকার বড় কর্মসূচিগুলোও তিনি পালন করেন। বিএনপি’র কর্মী হওয়ার কারণে ফ্যাসিস্ট আমলে ঢাকাসহ স্থানীয় পর্যায়েও ১৭টি মামলার আসামি হন তিনি। ৭টি মামলায় জেল খাটেন।

শিমুল জানান মনের আনন্দেই তিনি ধানের শীষ দিয়ে বানানো এই পোশাক পরে জনসভা ঘুরে বেড়িয়েছেন। তার এই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তিনি যেখানে দাঁড়িয়েছেন সেখানেই উপস্থিত বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে ঘিরে কেউ ছবি তুলেছেন। কেউ ফেসবুকে লাইভ করেছেন। কেউ ভিডিও করে রিলস বানিয়েছেন। মূল ধারার গণমাধ্যমের কর্মীরাও তার সাক্ষাৎকার নিয়েছেন। তাকে নিয়ে উৎসাহের কমতি ছিল না কারও। শিমুল বলেন আমি অনেক কষ্ট করে ধানের শীষ সংগ্রহ করে তা দিয়ে পোশাক তৈরি করি। এই পোশাক পরে হাঁটাচলা ও প্রকৃতির ডাকে সাড়া দেয়া অনেক কষ্টকর হলেও মনের তৃপ্তি আছে। যে দলকে ভালোবাসি- সেই দলের প্রতীককে শরীরে ধারণ করে সবার দৃষ্টি কাড়তে পেরেছি। ভিন্ন আঙ্গিকে নিজেকে উপস্থাপন করে প্রিয় দলের নেতাকর্মীকে আনন্দ দিতে পেরেছি। সবাই আমাকে ভালোবাসা দিয়েছে- এটাই আমার জন্যে গর্বের। শিমুল জানান, কিছু পাওয়ার জন্য দল করিনি। এ জেলার কৃতী সন্তান সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানকে দেখে অনুপ্রাণিত হয়ে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে ছাত্রদল, যুবদল হয়ে বিএনপি’র কর্মী হিসেবে কাজ করছি। আমৃত্যু বিএনপি’র কর্মী হিসেবেই কাজ করে যেতে চাই।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com