মাদ্রাসা শিক্ষার্থীরা ভবিষ্যতের নাগরিক নেতা হিসেবে দায়িত্বশীল-জেলা প্রশাসক
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার সদর উপজেলার টাউন কামিল মাদ্রাসায় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ২৫ জানুয়ারি বিকেলে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আসমা সুলতানা নাসরীন। প্রধান অতিথি শিক্ষার্থীদের গণতান্ত্রিক চেতনা ও সামাজিক দায়িত্ব সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
তিনি আরও বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন ও গণভোট আয়োজনের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা আমাদের সাংবিধানিক দায়িত্ব। এই প্রক্রিয়ায় তরুণ প্রজন্ম—বিশেষ করে মাদ্রাসার শিক্ষার্থীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা ভবিষ্যতের নাগরিক নেতা হিসেবে দায়িত্বশীল, সচেতন ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, নির্বাচনের সময় আইন-শৃঙ্খলা মেনে চলা, বিভ্রান্তিকর তথ্য থেকে দূরে থাকা এবং অন্যদের সচেতন করা—এগুলোই একজন দায়িত্বশীল নাগরিকের বৈশিষ্ট্য।
পরে প্রধান অতিথি গণভোট সম্পর্কে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং নির্বাচনী বিধিনিষেধ সম্পর্কে আলোকপাত করেন।সভায় মাদ্রাসার শিক্ষকবৃন্দ, ছাত্রছাত্রী, এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সকলেই নির্বাচন ও গণভোটকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলকভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানান।



মন্তব্য করুন