মৌলভীবাজারে ১১ দলীয় জোটের নারী সমাবেশ, নারীদের অধিকার রক্ষায় দেয়ালঘড়ি মার্কায় ভোট দিন

January 31, 2026,

স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী, দেয়ালঘড়ি মার্কার প্রতীকের প্রার্থী মাওলানা আহমদ বিলালকে বিজয়ী করতে মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলার প্রতিটি বাড়িতে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে নারী ভোটারদের ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে দেয়ালঘড়ি মার্কায় ভোট নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

শনিবার দুপুরে  মৌলভীবাজার শহরের ছুবড়া এলাকায় ১১ দলীয় জোটের উদ্যোগে আয়োজিত এক মহিলা সমাবেশে এসব কথা বলেন বক্তারা। সমাবেশে সভাপতিত্ব করেন শাহিনা ইয়াছমিন। শাহিনা ইয়াছমিন বলেন নারীদের অধিকার আদায়ের জন্য ইসলামী সমমনা ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা আহমদ বিলালকে বিজয়ী করা আমাদের দায়িত্ব। বিগত দিনে নারীরা যেভাবে লাঞ্ছিত হয়েছেন, তার অবসান ঘটাতে হলে এই জোটকে ক্ষমতায় আনতে হবে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী প্রিন্সিপাল মাওলানা আহমদ বিলাল বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সঙ্গে হ্যাঁ ও না ভোট অনুষ্ঠিত হবে। তিনি ভোটারদের হ্যাঁ ভোট প্রদানের আহ্বান জানিয়ে বলেন, যদি হ্যাঁ জয়যুক্ত হয়, তাহলে দেশে আর স্বৈরাচার ফিরে আসবে না। তিনি বলেন, বিগত দিনে সারাদেশে নারীদের সঙ্গে যেভাবে অবিচার করা হয়েছে, আপনারা তা প্রত্যক্ষ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নারী শিক্ষার্থীরা ধর্মীয় অধিকার পালনে বাধার সম্মুখীন হয়েছিল। আল্লাহ তায়ালার অশেষ কৃপায় ২০২৪ সালের ৫ আগস্টের পর নারী শিক্ষার্থীরা আবারও নিজ নিজ ধর্ম পালন করতে পারছেন। কিন্তু যদি আবারও স্বৈরাচারী শক্তিকে ক্ষমতায় বসানো হয়, তাহলে পরিস্থিতি আগের মতো হয়ে যাবে। মাওলানা আহমদ বিলাল বলেন, আমাদের নবী হযরত মুহাম্মদ (সা.) নারীদের সম্মানিত করেছেন। জাহিলিয়াতের যুগে নারীরা যে অধিকার থেকে বঞ্চিত ছিল, ইসলাম তা ফিরিয়ে দিয়েছে। ইনশা আল্লাহ আমরা এবং আমাদের ১১ দলীয় জোট ক্ষমতায় গেলে নারীদের সম্মান আরও বৃদ্ধি পাবে। কোরআন ও হাদিসের আলোকে নারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে। নারীদের শিক্ষার জন্য আরও মহিলা মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা হবে। উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে সাধারণ মানুষের বাসা-বাড়িতে নতুন গ্যাস সংযোগ দেওয়া হচ্ছে না। আমরা ক্ষমতায় গেলে প্রতিটি বাসা-বাড়িতে গ্যাস সংযোগ নিশ্চিত করা হবে। পাশাপাশি বিগত দিনে উন্নয়ন বঞ্চিত মৌলভীবাজার জেলার শহর থেকে গ্রাম পর্যন্ত প্রতিটি রাস্তার করুণ অবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা ক্ষমতায় গেলে পাকা রাস্তাগুলোর সংস্কার এবং কাঁচা রাস্তাগুলো পাকাকরণ করা হবে। যোগাযোগ ব্যবস্থার সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে। স্বাস্থ্য ও শিক্ষাখাত নিয়ে তিনি বলেন, পার্শ্ববর্তী জেলা হবিগঞ্জ ও সুনামগঞ্জে মেডিকেল কলেজ স্থাপন হলেও মৌলভীবাজার এখনও বঞ্চিত। জেলার ৯২টি চা বাগানে কর্মরত নারী শ্রমিকরা উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত। আমরা ক্ষমতায় গেলে অগ্রাধিকার ভিত্তিতে মৌলভীবাজারে একটি মেডিকেল কলেজ স্থাপন করা হবে। মৌলভীবাজার সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হবে এবং একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিশ মৌলভীবাজার শহর শাখার সভাপতি মাওলানা কাজী হারুনুর রশীদ। আরও বক্তব্য রাখেন রেহানা আক্তার, সেলিনা বেগমসহ ১১ দলীয় জোটের নারী নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com