সমাবেশের নিরাপত্তায় জেলা পুলিশের ব্যাপক প্রস্তুতি : কুলাউড়ায় জামায়াত আমিরের আগমণে প্রচার মিছিল
মাহফুজ শাকিল : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগামী ৭ ফেব্রুয়ারি তাঁর নিজ জন্মভূমি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় আসছেন। তাঁর এই আগমণ উপলক্ষে সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে জামায়াতে ইসলাম কুলাউড়া উপজেলা শাখার আয়োজনে বিশাল প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি পুরো শহর প্রদক্ষিণ শেষে পৌর শহরের ডাকবাংলো মাঠে গিয়ে শেষ হয়। উপজেলা জামায়াতের আমীর সহকারী অধ্যাপক আব্দুল মুন্তাজিমের সভাপতিত্বে ও সেক্রেটারী প্রভাষক মো. বেলাল আহমদ চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর জামায়াতের আমীর মো. ফখরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার-২ আসনে ১১ দলীয় জোটের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মো. সায়েদ আলী, সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী এডভোকেট আব্দুর রব।
এরআগে কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে জেলা পুলিশ ব্যাপক প্রস্তুতি হাতে নিয়েছে। সমাবেশের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সমাবেশস্থল নবীন চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন। পরিদর্শনকালে পুলিশ সুপার সমাবেশের নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। শান্তিপূর্ণভাবে জনসভা সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন তিনি। তিনি বলেন, জামায়াতের আমীরের কুলাউড়া আগমণে সমাবেশস্থলে কয়েক স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশের পাশাপাশি র্যাব, সেনাবাহিনী, বিজিবি, বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করবে। পরিদর্শনকালে পুলিশ সুপারের সাথে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-২ আসনে ১১ দলীয় জোটের এমপি পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী, জেলা জামায়াতের সেক্রেটারি প্রিন্সিপাল ইয়ামির আলী, উপজেলা জামায়াতের আমীর সহকারী অধ্যাপক আব্দুল মুন্তাজিম। এছাড়া উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা আমীর খন্দকার আব্দুস সোবহান, নায়েবে আমীর মোঃ জাকির হোসেন, মৌলভীবাজার জেলা ছাত্র শিবিরের সভাপতি ফরিদ উদ্দিন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম খান ও মোঃ আলাউদ্দিন, শূরা সদস্য রাজানুর রহিম ইফতেখার প্রমুখ।
মৌলভীবাজার জেলা জামায়াতের সেক্রেটারি মো. ইয়ামির আলী গণমাধ্যমকে বলেন, এই সফর উপলক্ষে ওইদিন শনিবার সকাল ১১টার দিকে উপজেলার নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সকাল সাড়ে এগারোটায় নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ডা. শফিকুর রহমান। ৭ ফেব্রুয়ারী জামায়াতে ইসলামীর আমিরের সিলেট বিভাগে চারটি কর্মসূচি রয়েছে। এরমধ্যে সকাল ১০টায় হবিগঞ্জে, বেলা ১১টায় কুলাউড়ায় নির্বাচনী জনসভা, দুপুরে সুনামগঞ্জ ও বিকেলে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় অংশগ্রহণ করবেন।
ইয়ামির আলী আরো জানান, নিজ জন্মভূমিতে আমিরে জামায়াতের আগমনকে কেন্দ্র করে কুলাউড়াসহ জেলার দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সমাবেশ সফল করতে স্থানীয় জামায়াত ও অঙ্গ-সংগঠনের পক্ষ থেকে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, কুলাউড়ার এই নির্বাচনী জনসভায় বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটবে।



মন্তব্য করুন