নারীদের ফ্যামিলি কার্ড চালু করে উন্নয়ন বৈষম্য দূর করবে বিএনপি-রেজিনা নাসের
স্টাফ রিপোর্টার : নারীদের স্বাবলম্বী করা এবং দীর্ঘদিনের উন্নয়ন বৈষম্যের অবসান ঘটাতে ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড চালুর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এই কার্ডের মাধ্যমে নারীরা সরাসরি রাষ্ট্রীয় সহায়তা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও বিভিন্ন অর্থনৈতিক সুবিধা ভোগ করতে পারবেন বলে জানিয়েছেন বিএনপি নেত্রী রেজিনা নাসের ।
মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি বিকেলে মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের রঙ্গিছড়া এলাকায় ধানের শীষের সমর্থনে আয়োজিত এক নির্বাচনী নারী সমাবেশে এসব কথা বলেন মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এম নাসের রহমানের সহধর্মিণী ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি রেজিনা নাসের। সমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
রেজিনা নাসের বলেন, বিএনপি ক্ষমতায় গেলে এবং ধানের শীষ প্রতীকে এম নাসের রহমান নির্বাচিত হলে নারীদের অর্থনৈতিক মুক্তি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড চালু করা হবে। এই কার্ডের মাধ্যমে নারীরা ভাতা, সহায়তা ও সরকারি সুযোগ-সুবিধা সরাসরি হাতে পাবেন।
তিনি বলেন, নারীরা আজও নানা ক্ষেত্রে অবহেলা ও বৈষম্যের শিকার। বিএনপি বিশ্বাস করে, নারীদের ক্ষমতায়ন ছাড়া পরিবার, সমাজ ও রাষ্ট্রের টেকসই উন্নয়ন সম্ভব নয়। নারীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা আমাদের রাজনীতির অন্যতম অগ্রাধিকার।
কৃষি খাতের প্রসঙ্গ টেনে রেজিনা নাসের বলেন, কৃষকরাই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। বিএনপি সরকার গঠন করলে কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ কৃষিঋণ মওকুফ করা হবে। পাশাপাশি কৃষকদের জন্য কৃষক কার্ড চালু করা হবে, যাতে তারা সহজে কৃষি উপকরণ ও সরকারি সুবিধা পান। সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে হেলথ কার্ড চালুর কথাও জানান তিনি।
উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, রাজনগর উপজেলা দীর্ঘদিন ধরে অবহেলিত ও উন্নয়নবঞ্চিত। টেংরা ইউনিয়নসহ বিভিন্ন এলাকার রাস্তাঘাটের বেহাল অবস্থার কারণে সাধারণ মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে। ধানের শীষের বিজয়ের মাধ্যমে রাস্তাঘাট সংস্কারসহ সার্বিক অবকাঠামো উন্নয়ন কার্যক্রম অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে বলে আশ্বাস দেন তিনি।
সমাবেশে উপস্থিত স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বলেন, নারী ভোটারদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া ধানের শীষের বিজয় সম্ভব নয়। তারা রাজনগরের প্রতিটি ঘরে ঘরে বিএনপির বার্তা পৌঁছে দিতে নারীসমাজকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান।
সমাবেশ শেষে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন উপস্থিত নেতাকর্মী ও নারী সমর্থকেরা।



মন্তব্য করুন