
জুড়ী প্রতিনিধি : মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ (মিঠু) প্রতিপক্ষের বিরুদ্ধে উসকানিমূলক কর্মকাণ্ড, মিথ্যা অভিযোগ ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন।
বুধবার তার নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই শান্তিপূর্ণভাবে তার সব নির্বাচনী প্রচার-প্রচারণা সম্পন্ন হয়েছে। প্রচারণা শেষ হওয়ার পর থেকে তিনি নিজ বাসায় অবস্থান করছেন এবং দলীয় নেতাকর্মীদেরও আইন মেনে চলার নির্দেশ দিয়েছেন।
তিনি অভিযোগ করেন, প্রচার-প্রচারণা বন্ধ থাকার পরও জামায়াত-শিবিরের কয়েকজন নেতাকর্মী তার বাসার সামনে এসে লিফলেট বিতরণ, উসকানিমূলক স্লোগান এবং অশালীন ভাষায় গালিগালাজ করেন। নাসির উদ্দিন আহমেদ মিঠু জানান, গত মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে শিলুয়া চা-বাগান এলাকায় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হয়। তার দাবি, মৌলভীবাজার জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আমিনুল ইসলামের বড় ভাই এবং শিবিরের কয়েকজন নেতাকর্মীসহ কিছু ব্যক্তি সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করেন। পরবর্তীতে ওই ঘটনার দায় তার ও তার নেতাকর্মীদের ওপর চাপিয়ে রাজনৈতিকভাবে ফায়দা হাসিলের চেষ্টা করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
ঘটনার বিষয়ে ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, স্থানীয় নেতাকর্মী ও এলাকার মুরব্বিদের কাছ থেকে জানা গেছে—কিছু ব্যক্তি ব্যাংক থেকে টাকা উত্তোলন করে সারাদিন জুড়ী উপজেলার বিভিন্ন চা-বাগানে বিতরণ করেন। গভীর রাতে শিলুয়া চা-বাগান থেকে ফেরার পথে গেট বন্ধ থাকায় চা-বাগানের দারোয়ানের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ধস্তাধস্তি ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ঘটে। দারোয়ানের চিৎকারে স্থানীয় লোকজন জড়ো হলে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুকে,তার বিরুদ্ধে ভিত্তিহীন ও বানোয়াট তথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
সংবাদ সম্মেলনে নাসির উদ্দিন আহমেদ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, নির্বাচনী এলাকায় যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.