
কমলগঞ্জ প্রতিনিধি : কমলগঞ্জে বাংলাদেশ মণিপুরি মুসলিম এডুকেশন ট্রাস্ট (বিএমইটি)’র উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী কৃতী শিক্ষার্থীদের মাঝে বৃত্তির নগদ অর্থ ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
২৪ মার্চ দুপুর ১টায় উপজেলার আদমপুর তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুরুল ইসলাম। তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের নিয়মিত অধ্যবসায় ও নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ করে বলেন, মেধাবীদের সঠিক দিকনির্দেশনা দিতে পারলে দেশ উন্নয়নের পথে আরও এগিয়ে যাবে।
এডুকেশন ট্রাস্টের সভাপতি হাজী মো. আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্ম সচিব কবি মোস্তফা মোর্শেদ এবং মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যাপক রাফি আহমেদ। শিক্ষক সাজ্জাদুল হক স্বপনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান, প্রাক্তন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. কাইযুম উদ্দিন, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কর্ণেল (অব.) সালেহ আহমেদ এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিস বেগম।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিএমইটির সাধারণ সম্পাদক শিক্ষক মো. কামাল উদ্দিন। এছাড়াও বক্তব্য দেন ট্রাস্টের সহ-সভাপতি আনোয়ার হোসেন বাবু, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন, শিক্ষানুরাগী হাজী আব্দুস সালামসহ অন্যান্য অতিথিবৃন্দ। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করেন তাসনিয়া আহমেদ।
উল্লেখ্য, ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ মণিপুরি মুসলিম এডুকেশন ট্রাস্ট (বিএমইটি) ২০০১ সাল থেকে ধারাবাহিকভাবে মেধাবৃত্তি পরীক্ষা আয়োজন করে আসছে। এ বছরের পরীক্ষায় অংশগ্রহণকারী ৫ম ও ১০ম শ্রেণির ১ম থেকে ৫ম স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পাশাপাশি ট্রাস্টের আয়োজনে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অর্ধশতাধিক শিশু শিক্ষার্থীদের মাঝেও পুরস্কার বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবং শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের উপস্থিতিতে মিলনায়তনটি প্রাণবন্ত হয়ে ওঠে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.