
শ্রীমঙ্গল প্রতিনিধি : যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হলেও শ্রীমঙ্গলে সরকারি নির্দেশনা উপেক্ষা করার অভিযোগ উঠেছে। সরকারি ঘোষণা অনুযায়ী সকল সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের বাধ্যবাধকতা থাকলেও শ্রীমঙ্গল শহরের শতাধিক ব্যাংক, মার্কেট ও বাণিজ্যিক ভবনে দেখা যায়নি লাল-সবুজের সেই গৌরবময় নিশান।
বৃহস্পতিবার ২৬ মার্চ সকাল থেকে সরেজমিনে শহর ঘুরে দেখা যায়, শ্রীমঙ্গল চৌমুহনা ও এর আশপাশের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পতাকা উত্তোলনের সরকারি নির্দেশনা মানা হয়নি। হবিগঞ্জ রোডে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, মুজিবুর রহমান মার্কেট, মক্কা সুপার মার্কেটে কোনো পতাকা উড়তে দেখা যায়নি।
একই চিত্র লক্ষ্য করা গেছে স্টেশন রোডের সিটি ব্যাংক, নিউ মার্কেট, রূপালী শপিং সেন্টার, আহমেদ বিপনী, হিরন্ময় প্লাজা ও আরমান শপিং কমপ্লেক্সসহ শহরের বেশ কিছু বড় বড় বাণিজ্যিক ভবনে। এমনকি কিছু স্বায়ত্তশাসিত ও আধা-সরকারি প্রতিষ্ঠানেও পতাকা উত্তোলন না করায় জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি-বেসরকারি সকল গুরুত্বপূর্ণ ভবনে জাতীয় পতাকা উত্তোলনের জন্য সুনির্দিষ্ট প্রজ্ঞাপন জারি করা হয়েছিল।
এ বিষয়ে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, ‘জাতীয় পতাকা উত্তোলনের জন্য যথাযথ প্রজ্ঞাপন জারি করা হয়েছে এবং ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ব্যাপক প্রচার চালানো হয়েছে। এরপরও যারা এই নির্দেশনা অবজ্ঞা করেছেন, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
স্থানীয় সচেতন মহলের মতে, জাতীয় দিবসে পতাকা উত্তোলন না করা জাতীয় মর্যাদাকে অবমাননা করার শামিল। তারা এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে দ্রুত আইনগত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.