
স্টাফ রিপোর্টার : শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নে নিখোঁজ হওয়ার দুই দিন পর জুনায়েদ মিয়া নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার ২৯ মার্চ রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বাদে আলিসারকুলের কামারপাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত জুনায়েদ আলিসারকুল গ্রামের দুবাই প্রবাসী রমিজ মিয়ার ছেলে। এর আগে শুক্রবার ২৭ মার্চ সন্ধ্যা ৭টার দিকে বাড়ির সামনে থেকে নিখোঁজ হয় সে।
পরিবার সূত্রে জানা যায়, নিখোঁজ হওয়ার পর তার বাবা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে সন্তানের সন্ধান চান। বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার সৃষ্টি করে। তবে নিখোঁজের দুই দিন পর তার মরদেহ উদ্ধার হওয়ায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
লাশ উদ্ধারের পর জুনায়েদের বাবা আবারও ফেসবুক লাইভে এসে কয়েকজনের নাম উল্লেখ করে তাদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান। এ সময় তিনি স্থানীয় সংসদ সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতাও কামনা করেন।
এদিকে, এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জহিরুল ইসলাম মুন্না রাত সাড়ে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা ঘটনাস্থলে রয়েছি এবং বিষয়টি নিয়ে কাজ করছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.