
স্টাফ রিপোর্টার : শ্রীমঙ্গলের কালাপুর এলাকায় পারিবারিক বিরোধের জেরে ছেলের ছুরিকাঘাতে আটাশি বছর বয়সী বাবা আকল মিয়া নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার আরেক পুত্র। অভিযুক্ত ছেলেকে মাত্র তিন ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
বুধবার ১৫ এপ্রিল দুপুর আনুমানিক সোয়া ১ টার দিকে উপজেলার কালাপুর ইউনিয়নের গাজীপুর আনসার ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আকল মিয়ার সঙ্গে তার ছোট ছেলে মশিক মিয়ার পারিবারিক বিষয় নিয়ে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় মশিক মিয়া তার হাতে থাকা ধারালে ছুরি দিয়ে বাবা আকল মিয়াকে আঘাত করলে তার ডান পাঁজরের নিচে গুরুতর জখম হয়। এসময় বড় ভাই শহিদুর মিয়া এগিয়ে এলে তাকেও নাভীর বাম পাশে ছুরিকাঘাত করা হয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আকল মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত শহিদুর মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম জানান, ঘটনার পর অভিযুক্ত পুত্র মশিক মিয়া পালিয়ে যায়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে রয়েছে।
ঘটনার খবর পেয়ে দ্রুত অভিযান শুরু করে র্যাব-৯। প্রযুক্তির সহায়তা ও স্থানীয় তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনার প্রায় তিন ঘণ্টার মধ্যেই কালাপুর ইউনিয়নের একটি পাহাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.