
স্টাফ রিপোর্টার : সম্প্রতি কমলগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীকে নিয়ে সংসদ সদস্য মুজিবুর রহমান এমপি একটি বক্তব্য প্রদান করেছেন, যেখানে তিনি দাবি করেছেন যে গত ৫ আগস্টের পর থেকে কমলগঞ্জে জামায়াতের নেতাকর্মীরা চাঁদাবাজিতে লিপ্ত।
প্রতিবাদ বিবৃতিতে উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী বলেন, আমরা উক্ত বক্তব্যকে সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত আখ্যায়িত করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ ধরনের মিথ্যাচার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার অপচেষ্টা এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টির একটি সুপরিকল্পিত প্রয়াস ছাড়া আর কিছুই নয়। বাস্তবতা হলো, জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা সবসময় নৈতিকতা, আইনানুগতা এবং জনসেবামূলক কর্মকাণ্ডে বিশ্বাসী ও প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আরও উল্লেখ করেন, নিজেদের দলের ব্যর্থতা ও অপকর্ম আড়াল করতেই জামায়াতের বিরুদ্ধে এ ধরনের অসত্য ও দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করা হচ্ছে। একজন দায়িত্বশীল জনপ্রতিনিধির কাছ থেকে এমন বক্তব্য মোটেই কাম্য নয়; বরং এটি তাঁর রাজনৈতিক অপরিপক্কতারই বহিঃপ্রকাশ।
দেশের এই ক্রান্তিকালে জাতীয় ঐক্য, স্থিতিশীলতা ও উন্নয়ন নিশ্চিত করাই হওয়া উচিত সকলের প্রধান লক্ষ্য। এ প্রেক্ষিতে আমরা সংশ্লিষ্ট এমপি মহোদয়কে আহ্বান জানাই, তিনি যেন বিভ্রান্তিকর ও উসকানিমূলক বক্তব্য প্রদান থেকে বিরত থেকে দায়িত্বশীল আচরণের মাধ্যমে দেশের কল্যাণে ভূমিকা রাখেন।
পরিশেষে, আমরা দৃঢ়ভাবে বলতে চাই যে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে উত্থাপিত এসব অভিযোগের কোনো বাস্তব ভিত্তি নেই। আমরা সত্য, ন্যায় এবং জনগণের কল্যাণে আমাদের কার্যক্রম অতীতের ন্যায় ভবিষ্যতেও অব্যাহত রাখবো, ইনশাআল্লাহ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.