
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার সদর উপজেলার হিলালপুর এলাকার কুখ্যাত সন্ত্রাসী আজাদ পীরকে গ্রেফতার করেছে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের একটি বিশেষ টিম।
২৮ এপ্রিল রাতে সিলেট জেলার দক্ষিণ সুরমা থানাধীন লালাবাজারস্থ পাপড়িকা রেস্টুরেন্টের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে থাকে গ্রেফতার করা হয়।
আজাদ মিয়া, ওরফে আজাদ আহমদ ওরফে পীর আজাদ (৪২), পিতা: মৃত ছইদ উল্লাহ, সাং: হিলালপুর, থানা ও জেলা: মৌলভীবাজার।
গ্রেফতারকৃত আজাদ পীরের বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় খুন, ডাকাতি, অস্ত্র ও মারামারিসহ মোট ১২টি মামলা চলমান রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন মামলায় ১০টি গ্রেফতারি পরোয়ানা মূলতবি রয়েছে। দীর্ঘদিন যাবৎ গ্রেফতার এড়ানোর লক্ষ্যে সে সিলেট জেলার গোলাপগঞ্জ থানা এলাকা এবং সিলেট মেট্রোপলিটন এলাকায় আত্মগোপনে ছিল।
মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন-এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের-এর নেতৃত্বে মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো: সাইফুল ইসলাম, এসআই হিরণ কুমার বিশ্বাস, এসআই জয়ন্ত সরকার, এএসআই রানা মিয়া, এএসআই সাইদুর রহমান, এএসআই জাহিদুর রহমানসহ একটি বিশেষ টিম উক্ত অভিযান পরিচালনা করে।
মৌলভীবাজার সদর মডেল থানার এই বিশেষ টিম ২৭ এপ্রিল হতে অভিযান শুরু করে। টানা দুই দিনের অভিযানের পর ২৮ এপ্রিল রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.