
শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গল সরকারি কলেজে প্রথমবারের মতো অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
১৭ মে রবিবার সকালে কলেজ ক্যাম্পাসে এ স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন।
কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.বি.এম. মোখলেছুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা শিক্ষার্থীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন মেডিসিন বিশেষজ্ঞ ডা. অনিল কুমার সিনহা, ডায়াবেটিস ও শিশু বিশেষজ্ঞ ডা. নাজেম আল কোরেশী রাফাত, ডেন্টাল সার্জন ডা. জোবায়ের খান, সহকারী সার্জন ডা. সোনালী রায়সহ আরও অনেকে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলা বিভাগের প্রধান প্রভাষক সাইফুল ইসলাম।
কলেজ সূত্রে জানা যায়, সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ক্যাম্পে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।
কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.বি.এম. মোখলেছুর রহমান বলেন, শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কলেজ প্রশাসন নিয়মিত বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.