
জুড়ী প্রতিনিধি : জুড়ী উপজেলাতে ২০২৬ সালের প্রাথমিক শিক্ষা পদকপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়েছে। ১৬ মে শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে দিনব্যাপী সাক্ষাৎকার শেষে বিজয়ীদের নাম ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ মুশফিকীন নূর।
ঘোষিত ফলাফলে শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছে রত্না চা-বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়। একই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল আজিজ শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ) নির্বাচিত হয়েছেন। শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তিদত্তা দাস।
এছাড়া শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (পুরুষ) নির্বাচিত হয়েছেন শহীদ মুক্তিযোদ্ধা আব্দুর রহিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আতিকুর রহমান অনিক। শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (মহিলা) হয়েছেন টালিয়াউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফাতেহা বেগম এবং একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাজেরা আক্তার শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হয়েছেন।
অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ, জুড়ী থানার অফিসার ইনচার্জ মিনহাজ উদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা দিলিপময় দাশ চৌধুরীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.