
স্টাফ রিপোর্টার : কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, মৌলভীবাজার-এর নবনির্মিত একাডেমিক ভবনের শুভ উদ্বোধন ও অভিভাবক সমাবেশ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
১৮ মে প্রধান অতিথি হিসেবে নবনির্মিত একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক এবং কালেক্টরেট স্কুল এন্ড কলেজের সভাপতি তৌহিদুজ্জামান পাভেল। পাঁচ তলা ভিতবিশিষ্ট নবনির্মিত একাডেমিক ভবনটিতে রয়েছে ৩টি আধুনিক শ্রেণিকক্ষ, ১টি টিচার্স রুম, ১টি প্রিন্সিপাল রুম এবং ১টি অফিস রুম।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে শিক্ষার মানোন্নয়ন, আধুনিক শিক্ষা পরিবেশ নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের মেধা ও মানবিক মূল্যবোধ বিকাশে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন, একটি আধুনিক ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষকদের আন্তরিকতা ও অভিভাবকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি শিক্ষার্থীদের সুশিক্ষায় গড়ে তোলার লক্ষ্যে সকলের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।
অনুষ্ঠানের অংশ হিসেবে প্রধান অতিথি শিক্ষা প্রতিষ্ঠানের প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এ সময় পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আসমা সুলতানা নাসরীন, জেলা শিক্ষা কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মৌলভীবাজার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোসা. শাহীনা আক্তার, মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মনছুর আলমগীর, জেলা প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, অভিভাবকগণ, শিক্ষার্থীবৃন্দ এবং সকল শিক্ষকবৃন্দ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.