
স্টাফ রিপোর্টার : ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত “মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম” প্রকল্পের শিক্ষক-শিক্ষিকা, কেয়ারটেকার ও সংশ্লিষ্ট সকল জনবলের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবীতে সংবাদ সম্মেলন করে মউশিক শিক্ষা কল্যাণ পরিষদ মৌলভীবাজার জেলা শাখা।
১৮ মে দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মউশিক শিক্ষা কল্যাণ পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মাও: ফয়জুল ইসলাম। লিখিত বক্তব্যে বলেন, “মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম” প্রকল্পটি ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত একটি বৃহৎ ও যুগান্তকারী শিক্ষা ও আর্থ-সামাজিক উন্নয়নমূলক প্রকল্প। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে ১৯৯৩ সালে এই প্রকল্পের কার্যক্রম শুরু হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে দেশের শিক্ষা বিস্তার, নৈতিক মূল্যবোধ জাগরণ এবং নিরক্ষরতা দূরীকরণে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। প্রকল্পটি ইতোমধ্যে ৭টি পর্যায় সফলভাবে সম্পন্ন করে বর্তমানে ৮ম পর্যায়ে পদার্পণ করেছে। দীর্ঘ সময়ে এ প্রকল্পের আওতায় ১ম থেকে ৬ষ্ঠ পর্যায় প্রায় ২ কোটি ১৫ লক্ষ ৯ হাজার ৯৫০ জন শিক্ষার্থীকে শিক্ষা প্রদান করা হয়েছে।
৭ম পর্যায়ে প্রায় ১ কোটি ২১ লক্ষ ৫১ হাজার শিক্ষার্থীকে শিক্ষা প্রদান করা হয়েছে, যা একটি বিরল সাফল্য। বর্তমানে এই প্রকল্পে প্রায় ৭১,৯৪৯ জন শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারী নিয়োজিত আছেন, যারা দীর্ঘদিন ধরে স্বল্প ভাতা ও অনিশ্চিত অবস্থায় অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। এই শিক্ষকগণ শুধু পাঠদানেই সীমাবদ্ধ নন-তারা সরকারি তহবিলে যাকাত প্রদানে মুসল্লিদের উৎসাহিত করেন এবং শিক্ষকগণ নিজ উদ্যোগে যাকাত সংগ্রহ করেন থাকেন। পাশাপাশি মাদক, বাল্যবিবাহ, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এছাড়াও তারা টিকাদান কর্মসূচি বাস্তবায়ন, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বার্তা বিনা পারিশ্রমিকে অতি স্বল্প সময়ে সাধারণ জনগণের কাছে পৌঁছে দিচ্ছেন। সর্বোপরি, একটি নৈতিক ও আদর্শ সমাজ গঠনে তারা অনন্য অবদান রেখে চলেছেন। অথচ তাদের জীবন আজ নিরাপত্তাহীন ও অবমূল্যায়িত।
প্রধান দাবিসমূহ হলো- এই মহৎ প্রকল্পটি দ্রুত রাজস্ব খাতে স্থানান্তর করা হোক। সকল শিক্ষক-শিক্ষিকা, কেয়ারটেকার ও সংশ্লিষ্ট জনবলকে সরকারি গ্রেডে বেতন-ভাতা প্রদান করা হোক। তাদের চাকরির স্থায়িত্ব নিশ্চিত করে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হোক।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক মাও: আব্দুল মুকিত, সহ-সাধারণ সম্পাদক মাও: লোকমান খান নবীন, মাও: এখলাছুর রহমান সিতু, মাও: আপ্তাব উদ্দিন, সদস্য, মাও: আবু ইউসুফ, মৌলভীবাজার জেলা, হাফেজ আল আমীন, মাও: মুসাহিদ আহমদ, হাফিজ মোস্তাক আহমদ, মাও: রাশেদ আহমদ, মাও: আলী হোসেন সহ অন্যান্যরা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.