
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলা পুলিশের উদ্যোগে জেলার গুরুত্বপূর্ণ ও কৌশলগত বিভিন্ন স্থানে বিশেষ চেকপোস্ট কার্যক্রম অব্যাহত রয়েছে। ১০ মে ২০২৬ থেকে শুরু হওয়া এ কার্যক্রম ধারাবাহিকভাবে নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।
সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো: জিল্লর রহমানের নির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম এর তত্ত্বাবধানে, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম এর নেতৃত্বে জেলা পুলিশের থানা পুলিশ, ট্রাফিক বিভাগ এবং ডিবি পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হচ্ছে।
চেকপোস্ট কার্যক্রম চলাকালে যানবাহনে নিয়মিত তল্লাশি, সন্দেহভাজন ব্যক্তি যাচাই-বাছাইসহ অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। এ বিশেষ অভিযানে এ পর্যন্ত মোট ৩৮১টি যানবাহন আটক করা হয়েছে।
এছাড়া হেলমেটবিহীন মোটরসাইকেল চালানো, রেজিস্ট্রেশন ও ফিটনেসবিহীন যানবাহন পরিচালনা, ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানোসহ বিভিন্ন অনিয়মের দায়ে মোট ২৬৭টি মামলা রুজু করা হয়েছে।
এছাড়া, ১০ মে থেকে ১৮ মে পর্যন্ত মোট ১৫ লাখ ১২ হাজার টাকা অর্থদণ্ড এবং এর মধ্যে ১০ লাখ ৫৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিতকরণ ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.