
শ্রীমঙ্গল প্রতিনিধি : ‘চলো এক হই, সংস্কৃতি ও ঐতিহ্যকে লালন করি, উন্নয়নের পথে এগিয়ে চলি’ এই প্রতিপাদ্য ও স্লোগানকে সামনে রেখে ২৯ মে শ্রীমঙ্গলে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল ‘দেশোয়ালি সমাজ মিলনমেলা ও আলোচনা সভা ২০২৬।
শ্রীমঙ্গলস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এই ব্যতিক্রমধর্মী ও বর্ণাঢ্য অনুষ্ঠানে মৌলভীবাজার, শ্রীমঙ্গল, কমলগঞ্জ, কুলাউড়া, রাজনগর, বড়লেখা এবং সিলেটসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত দেশোয়ালি জনগোষ্ঠীর শত শত নারী, পুরুষ, শিক্ষার্থী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন। ১ম বারের মত মিলনমেলায় একে অপরের সংস্পর্শে এসে পুরো অডিটোরিয়াম প্রাঙ্গণ এক আবেগঘন ও মিলনমেলায় পরিণত হয়।
দেশোয়ালি সমাজের বয়োজ্যেষ্ঠ অভিভাবক ও মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক অবসরপ্রাপ্ত অধ্যাপক কৃষ্ণলাল কালোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট প্রসূতি ও গাইনি বিশেষজ্ঞ সার্জন ডা. সুধাকর কৈরী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা রাজেন কৈরী। তিনি তাঁর বক্তব্যে মিলনমেলার মূল উদ্দেশ্য তুলে ধরে বলেন, "দেশোয়ালি জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক পরিচিতি, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক ঐক্য আরও সুদৃঢ় করাই এই আয়োজনের মূল লক্ষ্য। দেশোয়ালি সমাজ বাংলাদেশের একটি ক্ষুদ্র জনগোষ্ঠী হলেও শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক উন্নয়নের মাধ্যমে আমাদের নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে হবে। নতুন প্রজন্মকে শিক্ষিত ও আদর্শবান নাগরিক হিসেবে গড়ে তুলতে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।"
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট প্রসূতি ও গাইনি বিশেষজ্ঞ সার্জন ডা. সুধাকর কৈরী বলেন, "এই সমাজের সকলকে সর্বাবস্থায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমাদের নিজেদের অধিকার, শিক্ষা ও সামাজিক উন্নয়নে ঐক্যের কোনো বিকল্প নেই।" সমাজের অভিভাবক হিসেবে সবাইকে আশ্বস্ত করে তিনি আরও বলেন, "আপনাদের যেকোনো প্রয়োজনে, যেকোনো সমস্যায় পড়লে সরাসরি আমাকে জানাবেন। আমি সাধ্যমতো আপনাদের পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করব।"
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন প্রকাশ ভর, সজল কৈরী এবং বিজয় নুনিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজনগর সরকারি কলেজের প্রভাষক সঞ্জিত যাদব, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, মাধবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পুষ্প কুমার কানু, বাংলাদেশ চা শ্রমিক কমিউনিটির প্রথম নারী গ্র্যাজুয়েট সারদা গোয়ালা, বাংলাদেশ দেশোয়ালি সমাজ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক উজ্জ্বল প্রসাদ কানু, বাংলাদেশ দেশোয়ালি সমাজের সহ-সাধারণ সম্পাদক সংযুক্তা দুবে।
এছাড়াও উপস্থিত ছিলেন পরাগ বারই, মিলন শীল, ইউপি চেয়ারম্যান প্রানেশ গোয়ালা এবং বিশিষ্ট ব্যবসায়ী জয়প্রকাশ কৈরীসহ দেশোয়ালি সমাজের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক উজ্জ্বল প্রসাদ কানু ও সহ: সাধারন সম্পাদক সংযুক্তা দুব্যেসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় সমাজের বক্তারা জোর দিয়ে বলেন, সমাজের একজন প্রতিষ্ঠিত ব্যক্তি যেন আরও কয়েকজনকে প্রতিষ্ঠিত করতে এগিয়ে আসেন। দরিদ্র শিক্ষার্থী ও অসহায় পরিবারের পাশে দাঁড়াতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সভায় ৫টি গুরুত্বপূর্ণ লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের অঙ্গীকার করা হয়:
১. সকল দেশোয়ালি জনগোষ্ঠীকে একটি সাধারণ প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ করা। ২. পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করা। ৩. সমাজের গরিব ও মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সহায়তা প্রদান। ৪. অসহায় ও দরিদ্র পরিবারের কন্যাদের বিয়েতে আর্থিক ও সামাজিক সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া ও ৫. সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিদের অভিজ্ঞতা ও পরামর্শের মাধ্যমে নতুন প্রজন্মকে দক্ষ হিসেবে গড়ে তোলা। ৬. দেশোয়ালি সকল সম্প্রদায় এক হয়ে নিজেদের মধ্যে বিয়ে ব্যবস্থা চালু করা।
সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ কানু সমাজের সাধারণ সম্পাদক নির্মল কানু, জেনারেল ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী অশোক পাশী, সাবেক স্বাস্থ্য পরিদর্শক দিলীপ কুমার কৈরী, ছাত্র প্রতিনিধি শুভ কৈরী, হৃত্তিক রাম যাদবসহ লোহার, তেলী, পাশী, যাদব, ছত্রী ও বারই জনগোষ্ঠীর প্রতিনিধিরা।
আলোচনা সভায় মিলনমেলার অন্যতম আকর্ষণ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। লক্ষ্মীনারায়ণ পাশী ও তাঁর দলের পরিচালনায় এবং সারদা গোয়ালার বিশেষ পরিবেশনায় ভোজপুরী ভাষাভিত্তিক গান, লোকসংগীত ও ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশিত হয়। ঐতিহ্যবাহী সুর ও ছন্দে মুখরিত হয়ে ওঠে পুরো অডিটোরিয়াম।
ঐতিহ্য, সংস্কৃতি, শিক্ষা ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করার প্রত্যয় এবং "ঐক্যই শক্তি" এই বিশ্বাসকে বুকে ধারণ করে এক অনন্য বার্তা নিয়ে শেষ হয় দেশোয়ালি সমাজের এই মিলনমেলা ২০২৬। উপস্থিত সকলেই প্রতি বছর এই ধরনের আয়োজন বজায় রাখার দাবি জানান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.