
আব্দুর রব : বড়লেখায় ঝড়-বৃষ্টির কারণে স্কুলে উপস্থিত হতে না পারায় সপ্তম শ্রেণির এক ছাত্রকে বেধড়ক বেত্রাঘাত করেন এক সহকারি শিক্ষক। গুরুতর আহত ওই ছাত্রকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ৯ জুন মঙ্গলবার উপজেলার কুমারশাইল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে। এব্যাপারে আহত শিক্ষার্থীর বাবা ওই শিক্ষকের বিরুদ্ধে ইউএনও বরাবর লিখিত অভিযোগ করেছেন।
অভিযুক্ত শিক্ষককে কর্মস্থল থেকে প্রত্যাহার করতে মৌখিকভাবে নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব আলম মাহবুব।
লিখিত অভিযোগে আহত শিক্ষার্থী তামিম হোসেনের বাবা নুর উদ্দিন বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ঝড়-বৃষ্টির কারণে ৮ জুন সোমবার তার ছেলে স্কুলে যেতে পারেনি। পরদিন মঙ্গলবার স্কুলে গেলে সহকারি শিক্ষক আব্দুস সালাম আগের দিন স্কুলে না যাওয়ায় লাঠি দিয়ে তাকে বেধড়ক করেন। শিক্ষকের শারীরিক নির্যাতনে তার ছেলে অসুস্থ হয়ে পড়ে। বাড়িতে যাওয়ার পর ছেলের শরীরের বিভিন্ন স্থানে ক্ষত দেখে হতভম্ব হয়ে ওঠেন। শারীরিক অবস্থার অবনতি ঘটলে বিকেলেই তিনি ছেলেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহত শিক্ষার্থী তামিম হোসেনের বাবা নুর উদ্দিন জানান, সহকারি শিক্ষক আব্দুস সালামের নির্যাতনে তার ছেলে গুরুতর অসুস্থ হয়ে এখনও হাসপতালে চিকিৎসাধীন। একজন শিক্ষক এভাবে ছাত্রদের অমানবিকভাবে নির্যাতন করতে পারেন তা অবিশ্বাস্য। খোঁজ নিয়ে জেনেছেন ওই শিক্ষক প্রায়ই শিক্ষার্থীদের ওপর মারাত্মক শারীরিক নির্যাতন করেন। এতে শিক্ষার্থীরা স্কুলে যেতে ভয় পায়।
উপজেলা নির্বাহী অফিসার মাহবুব আলম মাহবুব জানান, ভুক্তভোগি শিক্ষার্থীর বাবার লিখিত অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দিতে উপজেলা শিক্ষা অফিসারকে নির্দেশ দিয়েছেন। এর আগে অভিযুক্তকে কর্মস্থল থেকে প্রত্যাহার করতে মৌখিকভাবে নির্দেশ দিয়েছেন। প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.