
মাহফুজ শাকিল : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রায় তিন মাস পর জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয়ের সংসদীয় কমিটি গঠন করা হয়েছে।
এর ধারাবাহিকতায় বুধবার ১০ জুন সংসদে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন নরসিংদী ২ আসনের এমপি সাবেক তথ্য মন্ত্রী ড. আব্দুল মঈন খাঁন। এছাড়াও উক্ত মন্ত্রনালয়ে মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের এমপি আলহাজ্ব শওকতুল ইসলাম শকুসহ ১০ জন এমপিকে সদস্য করে এ মন্ত্রনালয়ের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সাংসদ শওকতুল ইসলাম পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মনোনীত হওয়ায় তাঁর নির্বাচনী এলাকা কুলাউড়ায় দলীয় নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ দেখা দিয়েছে।
বুধবার সন্ধ্যায় এই খবর ছড়িয়ে পড়লে কুলাউড়া উপজেলা বিএনপি, যুবদল, স্বেছাসেবকদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী বুধবার রাত ৯টায় কুলাউড়া শহরে আনন্দ মিছিল বের করেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় নেতাকর্মীরা উল্লাস প্রকাশ করেন এবং তাদের প্রিয় নেতাকে গুরুত্বপূর্ণ এই কমিটিতে অন্তর্ভুক্ত করায় দলের নীতি নির্ধারণী পর্যায়ের নেতাদের ধন্যবাদ জানান।
উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত মিছিলে অংশ নেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল জামাল, সাবেক আহবায়ক রেদওয়ান খান, সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরী, সাবেক সহ-সভাপতি আজিজুর রহমান মনির, সাবেক সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, পৌর বিএনপি নেতা শামীম আহমদ, কাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মুক্তার, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম রাজু, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক তানজিল হাসান খান ও পৌর ছাত্রদলের আহবায়ক আতিকুল ইসলাম আতিক, উপজেলা জাসাসের সদস্য সচিব সালমান হোসাইন, কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক আব্দুল্লাহ সালেহ চৌধুরী আলিফসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ কুলাউড়া আসন থেকে শওকতুল ইসলাম শকু বিপুল ভোটে জয়লাভ করেন। দীর্ঘ তিন দশক পর এই আসনটি পুনরুদ্ধার করে বিএনপি। সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পাওয়ার কয়েক মাসের মাথায় পরিকল্পনা মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ কমিটির সদস্য হিসেবে তাকে অন্তর্ভুক্ত করায় স্থানীয় পর্যায়ে উন্নয়নের নতুন আশার সঞ্চার হয়েছে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীসহ সুধীসমাজের লোকজন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.