
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে মুজিবুর রহমান নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। সে একই এলাকার মোঃ অজিব আলীর পুত্র। শুক্রবার ১২ জুন সন্ধ্যার কিছু আগে উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তের নিশ্চিন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
এ বিষয়ে শরীফপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নিপা রানী দাস বলেন, বিকেলে নিশ্চিন্তপুর এলাকায় মনু নদীতে নামার পর মুজিবুর ভারতীয় সীমানায় চলে গেলে বিএসএফ তাকে গুলি করে।
এদিকে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, কুলাউড়া উপজেলার দত্তগ্রাম এলাকা দিয়ে বাংলাদেশী ৬ থেকে ৭ জনের চোরাকারবারীর দল কর্তৃক ভারতীয় চোরাকারবারীদের সহায়তায় চোরাচালানী মালামাল আনয়নের নিমিত্তে সীমান্ত পিলার ১৮৫২/৫-এস হতে আনুমানিক ৫০০ গজ ভারতের অভ্যন্তরে লখাইরচর নামক স্থান দিয়ে অবৈধভাবে প্রবেশ করলে ১৯৯ ব্যাটালিয়ন বিএসএফ লাঠিয়াপুড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা উক্ত চোরাকারবারীদের উপর অবিবেচকের মতো ২/৩ রাউন্ড ফায়ার করলে ১ জন বাংলাদেশী চোরাকারবারী মোঃ মুজিব আলী, গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। এছাড়াও অবশিষ্ট চোরাকারবারীরা বাংলাদেশের অভ্যন্তরে পালিয়ে এসে আত্মগোপনে রয়েছে বলে জানা যায়। উল্লেখ্য, নিহত চোরাকারবারী ইতিপূর্বে চোরাচালানী মালামাল পরিবহনের সাথে সম্পৃক্ত ছিল বলে জানা যায়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.