
আব্দুর রব : বড়লেখায় জননিরাপত্তা নিশ্চিত, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে ‘ফোর্স মোবিলাইজেশন ড্রিল’ (বিশেষ মহড়া) পরিচালনা করেছে পুলিশ।
২২ জুন সোমবার বিকেলে বড়লেখা থানা পুলিশের উদ্যোগে এ মহড়া অনুষ্ঠিত হয়। এ সময় পৌরশহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি ও নজরদারি চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সিলেট রেঞ্জের ডিআইজি মো. জিললুর রহমানের নির্দেশনায় এবং মৌলভীবাজারের পুলিশ সুপার মনিরুল ইসলামেন দিকনির্দেশনায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সোমবার বিকেল ৩টায় বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খানের নেতৃত্বে থানা প্রাঙ্গণ থেকে এই ‘ফোর্স মোবিলাইজেশন ড্রিল’ কার্যক্রম শুরু হয়। পরে পুলিশ সদস্যরা বড়লেখা পৌর শহরের উত্তর চৌমুহনী এলাকায় বিশেষ চেকপোস্ট স্থাপন করেন। সেখানে বিভিন্ন ধরনের যানবাহন থামিয়ে তল্লাশি, কাগজপত্র যাচাই এবং সন্দেহভাজন ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করা হয়।
বিশেষ মহড়াকালে বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান বলেন, সিলেট রেঞ্জের ডিআইজির নির্দেশনা এবং মৌলভীবাজারের পুলিশ সুপারের দিকনির্দেশনায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করাই থানা পুলিশের প্রধান দায়িত্ব। এই ফোর্স মোবিলাইজেশন ড্রিলের মাধ্যমে পুলিশের প্রস্তুতি ও সক্ষমতা আরও সুদৃঢ় হয়েছে। তিনি আরও বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল, চেকপোস্ট ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.