
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলার সার্বিক বন্যা পরিস্থিতি জেলা প্রশাসনের পক্ষ থেকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো বন্যাকবলিত মানুষের নিরাপত্তা, উদ্ধার, ত্রাণ বিতরণ ও প্রয়োজনীয় মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে। বৃহস্পতিবার ৯ জুলাই জেলা প্রশাসনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজনগর উপজেলার মনু নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় উপজেলার কয়েকটি এলাকায় বন্যার পানি প্রবেশ করেছে। বিষয়টি মোকাবিলায় বন্যা প্রতিরোধ কার্যক্রম চালানো হচ্ছে। জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন।
জুড়ী উপজেলার জায়ফরনগর ও পশ্চিমজুড়ী ইউনিয়নের হাওরাঞ্চলেও পানি বৃদ্ধি পেলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রশাসন জানিয়েছে।
কমলগঞ্জ উপজেলার ধলাই নদীর পানি বৃদ্ধি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কয়েকটি এলাকায় বাঁধ ভেঙে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে উপজেলার তিনটি ইউনিয়নের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। প্রাথমিক হিসাবে প্রায় ১০ হাজার মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছে। ইসলামপুর ইউনিয়নের ভাগলশ্রী এলাকার তিনটি আশ্রয়কেন্দ্র এবং মাধবপুর ইউনিয়নের নয়াবস্তি এলাকায় একটি আশ্রয়কেন্দ্রে মোট ৩৫০ জনকে স্থানান্তর করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে ১০০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে এবং প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম চলমান রয়েছে।
এদিকে, মৌলভীবাজার সদর উপজেলার ৭নং চাঁদনীঘাট ইউনিয়নের মাহিরগাঁও দাখিল মাদ্রাসা আশ্রয়কেন্দ্রে দুটি পরিবারকে আশ্রয় দেওয়া হয়েছে। প্রয়োজন অনুযায়ী জেলার অন্যান্য আশ্রয়কেন্দ্রও প্রস্তুত রাখা হয়েছে। বর্তমানে জেলায় মোট ১৪৮টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রয়েছে।
বন্যাকবলিত মানুষের সহায়তায় জেলা প্রশাসনের পক্ষ থেকে রাজনগর উপজেলায় ২১০ ব্যাগ, জুড়ী উপজেলায় ১৫৭ ব্যাগ, মৌলভীবাজার সদর উপজেলায় ৩৩০ ব্যাগ এবং কমলগঞ্জ উপজেলায় ২০৫ ব্যাগ চালসহ পর্যাপ্ত খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
জেলার সার্বিক পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীসহ সকল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজন অনুযায়ী তাদের সহায়তা নেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসন জানিয়েছে, বন্যা পরিস্থিতি মোকাবিলায় উদ্ধার কার্যক্রম, ত্রাণ বিতরণ, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.