
সাইফুল ইসলাম : সিলেট-আখাউড়া রেল সেকশনে চলন্ত ট্রেনে ঢিল বা পাথর নিক্ষেপ এবং যাত্রী সাধারণের মোবাইল ছিনতাইয়ের মতো অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে বসুন্ধরা শুভসংঘ, শ্রীমঙ্গল শাখা।
সাম্প্রতিক সময়ে লংলা, রশিদপুর, শায়েস্তাগঞ্জ, হরষপুর, আজমপুর ও ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন এলাকায় চলন্ত ট্রেনে ঢিল ছোড়ার ফলে একাধিক যাত্রী আহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সংগঠনটি এই উদ্যোগ গ্রহণ করে। সোমবার (২০ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম এলাকায় এ সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।
বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা ও দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং সংগঠনের শ্রীমঙ্গল শাখা সভাপতি মোহাম্মদ আল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম।
প্রধান অতিথির বক্তব্য শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি মো. জাহাঙ্গীর আলম বলেন, “আমি যোগদানের পর থেকেই ছিনতাই ও ঢিল ছোড়া প্রতিরোধে বিভিন্ন মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক সভা করছি। শ্রীমঙ্গল পর্যটন এলাকা হওয়ায় এখানকার মানুষ অত্যন্ত শান্ত। তবে বিচ্ছিন্নভাবে কোনো মাদকসেবী বা দুষ্কৃতিকারী বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের কঠোর হস্তে দমন করা হবে।” তিনি এ সময় রেলওয়ে পুলিশে লোকবল সংকট থাকার কথা উল্লেখ করে জনসচেতনতার পাশাপাশি কার্যকর নজরদারির ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শুধু আইন প্রয়োগ করে নয়, বরং রেললাইনের আশপাশে বসবাসকারী বাসিন্দা, ব্যবসায়ী ও স্থানীয়দের সচেতন করার মাধ্যমেই এ ধরনের ঝুঁকিপূর্ণ ও দণ্ডনীয় অপরাধ বন্ধ করা সম্ভব।
বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা মো. সাইফুল ইসলাম বলেন, “ট্রেনে ঢিল ছোড়ার মতো ঘটনাগুলো শুধু অমানবিকই নয়, এটি বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। আমরা জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে রেলওয়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর টহল জোরদার করার দাবি জানাচ্ছি।”
বস্ত্র ব্যবসায়ী সমিতির উপদেষ্টা মো. হাফিজ আহমেদ ট্রেনের টিকিট কালোবাজারি বন্ধে সরকারের সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করেন এবং বসুন্ধরা শুভসংঘের এমন জনকল্যাণমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বসুন্ধরা শুভসংঘের উপদেষ্ঠা সাংবাদিক এম এ রকিব, সাংবাদিক শফিকুল ইসলাম রুম্মন, পুলিশ সদস্য সোহাগ আহমদ। এসময় উপস্থিত ছিলেন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর হাবিলদার মো. সাইফুর রহমান, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার কাজল হাজরা, তপন বৈদ্য এবং বসুন্ধরা শুভসংঘের সমাজকল্যাণ সম্পাদক মো. ওমর ফারুক, সহ-সাংগঠনিক সম্পাদক গৌতম চন্দ্র, ওয়্ইাল্ড লাইফ ফটোগ্রাফার কাজল হাজরা, তপন বৈদ্য, মো. শাহিনুর ইসলাম, লিটন আহমেদ, বাবুল মিয়া, শেখ ফরিদসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.