
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার শহরের ব্যস্ততম চৌমুহনা এলাকার একটি ব্যাংকে ৫০ হাজার টাকা পকেট থেকে চুরির সময় হাতেনাতে আটক হয়েছে পেশাদার পকেটমার চক্রের দুই সদস্য। পরে ক্ষুব্ধ জনতা তাদের গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
আটককৃতদের মধ্যে একজনের নাম সুফিয়ান মারুফ। সে রাজনগর উপজেলার আশ্রাকাপন এলাকার বাসিন্দা। অপরজনের বাড়ি কমলগঞ্জ উপজেলার কালেঙ্গা এলাকায় বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী ব্যক্তি আদালত এলাকা থেকে একটি টমটমে (ইজিবাইক) চড়ে চৌমুহনার একটি ব্যাংকে ৫০ হাজার টাকা জমা দিতে যাচ্ছিলেন। যাত্রাপথে টমটমে যাত্রীবেশে থাকা পকেটমার চক্রের এক সদস্য গোপনে ভুক্তভোগীর পকেটে হাত ঢুকিয়ে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় অপর সদস্য চারপাশে নজরদারি চালিয়ে তাকে সহযোগিতার দায়িত্বে ছিল।
টাকা চুরির বিষয়টি ভুক্তভোগী টের পাওয়ার সাথে সাথেই কৌশলে পকেটে হাত দেওয়া চোরের হাত চেপে ধরেন এবং চিৎকার দেন। টমটমটি চৌমুহনা ট্রাফিক পুলিশ বক্সের সামনে পৌঁছালে ভুক্তভোগী ও স্থানীয়রা তাদের নিচে নামিয়ে আনেন।
পকেটমার আটকের খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক ও ক্ষুব্ধ জনতার ঢল নামে। উপস্থিত জনতা দুই পকেটমারকে গণধোলাই দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত দুজনকে পুলিশের হেফাজতে নেয়।
ট্রাফিক পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আটককৃত দুজনই এলাকার চিহ্নিত ও পেশাদার পকেটমার। এর আগেও একাধিকবার ছিনতাই ও চুরি করতে গিয়ে তারা হাতেনাতে আটক হয়েছিল।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.