কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়ায় অবৈধভাবে বালু উত্তোলন, মজুদ ও পরিবহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ইউপি সদস্যকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অপর এক ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে জব্দ করা বালু জিম্মায় রাখা এবং একটি সরকারি রাস্তা দখলমুক্ত করা হয়েছে। সোমবার ৩ আগস্ট দুপুরে উপজেলার শরীফপুর ইউনিয়নের চাতলাপুর এলাকায় মনু নদীর বিভিন্ন স্থানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস এ অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শরীফপুর ইউনিয়নের ইউপি সদস্য লাল মিয়া ও তার ছেলেকে অবৈধভাবে মনু নদী থেকে বালু উত্তোলন করে নিজ বাড়িতে মজুদ রাখার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া মো. মাসুম মিয়া নামে এক ব্যক্তিকে অবৈধভাবে বালু পরিবহনের দায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস জানান, অভিযানে পূর্বে জব্দ করা বালুর পাশাপাশি নতুন করে জব্দ করা বালুও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় দেওয়া হয়েছে। অভিযানের সময় শরীফপুর ইউনিয়নের একটি সরকারি রাস্তা অবৈধ দখলমুক্ত করে সীমানা (ডিমার্কেশন) নির্ধারণ করে দেওয়া হয়েছে বলেও তিনি জানান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.