
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার শহরে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে দুটি বেসরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
অভিযানে ঔষধ যথাযথভাবে সংরক্ষণ না করা, পোস্ট-অপারেটিভ রুমের ব্যবস্থাপনায় অনিয়ম এবং অটোক্লেভ (স্টেরিলাইজেশন) রুম অপরিচ্ছন্ন রাখার মতো অনিয়মের প্রমাণ পাওয়ায় এই জরিমানা করা হয়।
মঙ্গলবার ১১ আগস্ট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইফ্রাহিম ইকবাল চৌধুরীর নেতৃত্বে পরিচালিত অভিযানে শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত সোনার বাংলা ফাউন্ডেশন নামক ডায়ালাইসিস সেন্টারে ঔষধ যথাযথভাবে সংরক্ষণ না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
পরবর্তীতে সৈয়দ মুজতবা আলী সড়কে অবস্থিত আল হামরা (প্রাঃ) হাসপাতালে অভিযান পরিচালনাকালে পোস্ট-অপারেটিভ রুমের ব্যবস্থাপনায় অনিয়ম এবং অটোক্লেভ (স্টেরিলাইজেশন) রুম অপরিচ্ছন্ন বা নুংরা অবস্থায় পাওয়ায় একই আইনে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। জরিমানার অর্থও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। প্রতিষ্ঠান গুলোর বিরুক পৃথক ২টি মামলায় সর্বমোট ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
অভিযানকালে সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ও তাঁর টিম উপস্থিত থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেন।
জনস্বাস্থ্য সুরক্ষা এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে যথাযথ মান ও শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.