
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি বিপ্লব মাদ্রাজি পাশী ও সাধারণ সম্পাদক দীপংকর ঘোষ ১২ আগস্ট সংবাদপত্রে প্রকাশের জন্য এক বিবৃতিতে, চা শ্রমিকদের স্বার্থবিরোধী গেজেট ২০২৩ এর আলোকে ৫% ইনক্রিমেন্টের মাধ্যমে দৈনিক নগদ মজুরি ১৯৬টাকা ঘোষণাকে অযৌক্তিক-অগ্রহনযোগ্য উল্লেখ করে ৫০০ টাকা ঘোষণা করার আহ্বান জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দৈনিক নগদ মজুরি ৫০০ টাকা, শ্রমিক স্বার্থবিরোধী গেজেট-২০২৩ বাতিল, চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভূমির স্থায়ী মালিকানা নিশ্চিত করা এই চার দফা দাবিতে গড়ে ওঠা আন্দোলনকে বিভ্রান্ত করতেই বাংলাদেশ চা সংসদ একতরফা ভাবে ১৯৬ টাকা মজুরি ঘোষণা করেছে।
নেতৃবৃন্দ আরও বলেন, চরম দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে ১৯৬ টাকা দৈনিক মজুরি দেওয়ার মধ্য দিয়ে চা শ্রমিকদের সাথে মালিকরা চরম অন্যায় করছে। সরকার চা শিল্পকে একটি লাভজনক রফতানিমুখী শিল্প হিসেবে ঘোষণা করছে, অপরদিকে যারা শ্রম দিয়ে চা শিল্পকে গড়ে তুলেছে সেই শ্রমিকদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নি। যুগযুগ ধরে এই শোষণ-বঞ্চনা ও শ্রম দাসত্বের শৃঙ্খলে বন্দি করে রাখা হয়েছে এই জনগোষ্ঠীকে। এই বন্দিদশা থেকে চা শ্রমিকদের মুক্তি দিতে হবে। আমরা চা শ্রমিকদের দৈনিক নগদ মজুরি ৬০০ টাকা টাকা ঘোষণার দাবিতে আন্দোলন চালিয়ে আসলেও বর্তমান বাগান নেতৃত্বে ৫শত টাকা ঘোষণার দাবিতে আন্দোলন কে সমর্থন করছি। চা শ্রমিকদের সাথে প্রতারণার সামিল ৫% ইনক্রিমেন্ট প্রদানের গেজেট ২০২৩ বাতিল এবং জাতীয় মজুরি বোর্ড গঠনের দাবি করছি। অবিলম্বে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনের তারিখ ঘোষণা করা এবং চা শ্রমিকদের ভূমির অধিকার নিশ্চিত করা এবং শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত করার দাবি রাখছি।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.