
জুড়ী প্রতিনিধি : জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নে বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে জিআর চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ১৩ আগস্ট সকাল ১০টায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় এ চাল বিতরণ করা হয়।
জায়ফরনগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান ও জুড়ী উপজেলা বিএনপির সভাপতি হাজী মাছুম রেজা। প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দীন আহমেদ মিঠু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু।
অনুষ্ঠানে জানানো হয়, ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ১০ কেজি করে চাল প্রদান করা হয়েছে। জুড়ী উপজেলার ১৬টি ইউনিয়ন ও পৌরসভায় একযোগে একই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
প্রধান অতিথির সংক্ষিপ্ত বক্তব্যে নাসির উদ্দীন আহমেদ মিঠু বলেন, “বর্তমানে ভাদ্র মাস চলছে। আমরা দেখছি মানুষের মধ্যে কিছুটা অভাব-অনটন রয়েছে। এই খাদ্য সহায়তা আপনাদের উপকারে আসবে বলে আমরা আশা করি।” তিনি আরও বলেন, সরকার শুধু খাদ্য সহায়তা নয়, শিক্ষার্থীদের বৃত্তি, কর্মঠ নারীদের সেলাই মেশিন এবং দূরবর্তী এলাকার শিক্ষার্থীদের জন্য সাইকেল বিতরণসহ বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে।
তিনি উপস্থিত সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, “মানুষের কল্যাণে সরকারের এসব উদ্যোগ সফল করতে সবাইকে সহযোগিতা করতে হবে এবং প্রধানমন্ত্রীর জন্য দোয়া করতে হবে।”
অনুষ্ঠানে জায়ফরনগর ইউনিয়ন বিএনপির সভাপতি ইসহাক আলী, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম জুবেল, ইউপি সদস্য সিরাজুল ইসলাম, আবুল কাসেম, আব্দুল জব্বার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সাইফুর রহমানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
চাল বিতরণকালে জনপ্রতিনিধি ও নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকার আশ্বাস দেন। অনুষ্ঠানের শেষপর্যায়ে প্রধান অতিথি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সুস্থতা ও মঙ্গল কামনা করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.