
স্টাফ রিপোর্টার : রাজনগর উপজেলা বিএনপির ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শনিবার ১২ সেপ্টেম্বর মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো: ফয়জুল করিম ময়ূর ও সদস্য সচিব আব্দুর রহিম রিপনের স্বাক্ষরিত অনুমোদনপত্রে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
জেলা বিএনপির অনুমোদনপত্রে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর গঠনতন্ত্র, নীতি ও আদর্শ এবং মৌলভীবাজার জেলা বিএনপির সাংগঠনিক সিদ্ধান্তের আলোকে রাজনগর উপজেলা বিএনপির কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য পদাধিকারীদের সমন্বয়ে অবশিষ্ট পদগুলো পূরণ করে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
অনুমোদিত কমিটিতে মো: নুরুল ইসলাম সেলনকে সভাপতি এবং মো: আব্বাস আলীকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটিতে একজন সিনিয়র সহ-সভাপতি ও একাধিক সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষ, দপ্তর সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদকসহ বিভিন্ন বিষয়ভিত্তিক সম্পাদক ও সহ-সম্পাদক এবং সদস্য রাখা হয়েছে।
এছাড়া কমিটিতে নারী, কৃষি, যুব, ছাত্র, শ্রম, স্বেচ্ছাসেবক, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা, গ্রাম ও পুনর্বাসন, ক্ষুদ্র ঋণ ও সমবায়, মানবাধিকার, স্থানীয় সরকার, ধর্ম, ক্রীড়া ও সাংস্কৃতিকসহ বিভিন্ন বিষয়ে দায়িত্বশীল পদ রাখা হয়েছে। অনুমোদনপত্রের সঙ্গে ১১ সদস্যের উপদেষ্টা পরিষদের তালিকাও রয়েছে। নথিতে বলা হয়েছে, অনুমোদনের তারিখ থেকে এ পূর্ণাঙ্গ কমিটি দুই বছর বহাল থাকবে।
বিষয়টি নিশ্চিত করে রাজনগর উপজেলা বিএনপির সভাপতি মো: নুরুল ইসলাম সেলন বলেন, রাজনগর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদিত হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। দীর্ঘদিন ধরে পূর্ণাঙ্গ কমিটি নিয়ে নেতাকর্মীদের মধ্যে যে ধোঁয়াশা ছিল, এর মাধ্যমে তার অবসান হয়েছে।
তিনি বলেন, এ কমিটি গঠনের প্রক্রিয়ায় যারা সহযোগিতা ও দিকনির্দেশনা দিয়েছেন, তাদের সবার প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নাসের রহমান, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূর এবং সদস্য সচিব আব্দুর রহিম রিপনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।
নুরুল ইসলাম সেলন আরও বলেন, জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের স্বাক্ষরিত অনুমোদনের মাধ্যমে আমাদের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশিত হয়েছে। আমরা আশা করি, নতুন এই কমিটির মাধ্যমে রাজনগর উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে আগামী দিনে একটি সুন্দর, সুসংগঠিত ও ধারাবাহিক রাজনৈতিক কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব হবে।
উল্লেখ্য, মৌলভীবাজার জেলা বিএনপির অনুমোদিত নথিতে রাজনগর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটির পাশাপাশি সংশ্লিষ্ট পদগুলোর দায়িত্বপ্রাপ্ত নেতাদের নাম ও ঠিকানাও উল্লেখ করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.