ওমর ফারুক নাঈম॥ হবিগঞ্জের নবীগঞ্জস্থ বিবিয়ানা গ্যাসক্ষেত্রে রক্ষণাবেক্ষণ কাজের জন্য সারাদেশের ন্যায় মৌলভীবাজারেও সিএনজি ফিলিং স্টেশনগুলো ২৪ ঘণ্টার জন্য বন্ধ রয়েছে। ঈদ আমেজ কাটতে না কাটতেই এমন সিদ্ধান্তে ভোগান্তিতে পড়েছেন মৌলভীবাজার শহরবাসী ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকরা।
২৮ জুন, বুধবার থেকে অফিস-আদালত খুলে যাওয়ায় মঙ্গলবার রাত থেকেই কর্মস্থলে ফিরতে শুরু করেছেন বাড়িতে ঈদ করতে আসা মৌলভীবাজারবাসী। এজন্য বাস টার্মিনাল, ট্রেন ষ্টেশনে যাত্রীর চাপও বেশি। আর ঠিক এই সময়ে ২৪ ঘন্টার জন্য গ্যাস বন্ধ হয়ে যাওয়ায় সিএনজিচালিত অটোরিক্সা, কার ও মাইক্রবাস চালকসহ যাত্রীদের চরম বিপাকে পড়তে হচ্ছে।
এদিকে গ্যাস বন্ধ থাকায় সিএনজিচালকরা অতিরিক্ত ভাড়া আদায় করছেন বলেও অভিযোগ করছেন যাত্রীরা।
এ বিষয়ে এক যাত্রী বলেন, আমি পরিবার পরিজন নিয়ে সিলেট থেকে মৌলভীবাজারে পৌঁছেছি। কিন্তু মৌলভীবাজারে নেমে সিএনজির সংখ্যা দেখে থমকে গেছি। নেই বললেই চলে। আর যে কয়েকটা খালি পেয়েছি সেগুলো ভাড়া চেয়েছে স্বাভাবিকের চেয়ে অনেক বেশী। পরে দুই রিকশায় জিনিষপত্র নিয়ে বাসায় এসেছি।
সিএনজি চালক জব্বার মিয়া বলেন, আমি গতরাতে গ্যাস ভরে রেখেছিলাম। কিন্তু এই গ্যাসে বিকেলের পর আর গাড়ি চালানো যাবে না। গ্যাসটা যদি আর একদিন আগে জানিয়ে বন্ধ করতো তাহলে এতোটা ঝামেলায় পড়তে হতো না।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.